আমেরিকা বাদ, এবার সম্পর্ক হবে চীনের সঙ্গে: ফিলিপাইন
https://parstoday.ir/bn/news/world-i29935-আমেরিকা_বাদ_এবার_সম্পর্ক_হবে_চীনের_সঙ্গে_ফিলিপাইন
দীর্ঘদিনের মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দূরত্ব তৈরি করে চীনের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে ফিলিপাইন। বেইজিংয়ে নিযুক্ত ফিলিপাইনের নয়া রাষ্ট্রদূত জোসে চিতো রোমানা এ খবর জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ০৩, ২০১৭ ০৫:০০ Asia/Dhaka
  • গত অক্টোবরে বেইজিং সফর গিয়ে চীনা প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন দুতের্তে (বামে)
    গত অক্টোবরে বেইজিং সফর গিয়ে চীনা প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন দুতের্তে (বামে)

দীর্ঘদিনের মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দূরত্ব তৈরি করে চীনের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে ফিলিপাইন। বেইজিংয়ে নিযুক্ত ফিলিপাইনের নয়া রাষ্ট্রদূত জোসে চিতো রোমানা এ খবর জানিয়েছেন।

তিনি সোমবার ম্যানিলায় বলেছেন, ফিলিপাইনের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে এটি একটি ‘কৌশলগত পরিবর্তন’ এবং চীনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে একধাপ অগ্রগতি।

‘আমরা একতরফাভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারসাম্যহীন ঘনিষ্ঠতা বজায় রাখছিলাম’ বলে উল্লেখ করেন তিনি।  ফিলিপাইনের এ সিনিয়র কূটনীতিক বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছি না…আমরা আসলে চীনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছি।’

বেইজিংয়ে নিযুক্ত ফিলিপাইনের নয়া রাষ্ট্রদূত জোসে চিতো রোমানা

বিতর্কিত দক্ষিণ চীন সাগরের সম্পদ বন্টনের ব্যাপারে বেইজিংয়ের সঙ্গে ম্যানিলা কাজ করতে চায় বলেও তিনি উল্লেখ করেন। রোমানা বলেন, এতদিন ফিলিপাইনকে আমেরিকার আঞ্চলিক হাতিয়ার হিসেবে মনে করত চীন। কিন্তু এখন তারা আমাদেরকে  বন্ধুপ্রতীম প্রতিবেশী হিসেবে ভাবতে পারছে।

দক্ষিণ চীন সাগরের প্রায় পুরোটার ওপর নিজের সার্বভৌম অধিকার দাবি করে চীন। তবে এর অংশবিশেষের ওপর মালিকানার দাবিদার দেশগুলোর মধ্যে ফিলিপাইনের পাশাপাশি রয়েছে ব্রুনেই, মালয়েশিয়া, তাইওয়ান ও ভিয়েতনাম। এই বিতর্কে বেইজিং’র বিরুদ্ধে দাঁড়ানো দেশগুলোকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে আমেরিকা।

২০১৬ সালের জুন মাসে  রডরিগো দুতের্তে ফিলিপাইনের নির্বাচিত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর ওয়াশিংটনের সঙ্গে ম্যানিলার সম্পর্কে তিক্ততা সৃষ্টি হয়।  এ ছাড়া, জাতিসংঘ মহাসচিব বান কি মুন  দুতের্তের মাদক বিরোধী যুদ্ধের সমালোচনা করার কারণে গত সেপ্টেম্বরে মুনের সঙ্গে বৈঠক বাতিল করেন ফিলিপাইনের প্রেসিডেন্ট। তিনি জাতিসংঘ থেকে তার দেশকে বের করে নেয়ারও হুমকি দিয়েছেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩