পরমাণু সমঝোতা মেনে চলুন: ট্রাম্পের প্রতি আহ্বান জানালেন ৩৭ মার্কিন বিজ্ঞানী
মার্কিন শীর্ষ স্থানীয় ৩৭ বিজ্ঞানী ইরানের সঙ্গে সম্পাদিত পরমাণু সমঝোতা মেনে চলার জন্য আমেরিকার নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়ে চিঠি দিয়েছেন।
চিঠির বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস এ খবর দিয়েছে। চিঠিতে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পদ রক্ষা করার জন্য আপনার প্রতি আহ্বান জানাচ্ছি আমরা। চিঠিতে ইরানের সঙ্গে সম্পাদিত সমঝোতার কারিগরি দিকগুলোর ভূয়সী প্রশংসা করে এটি মেনে নেয়ার জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানানো হয়।
বর্তমান পরিস্থিতি মূল্যায়ন করার উদ্দেশ্যে লেখা হয়েছে উল্লেখ করে চিঠিতে আরো বলা হয়েছে, এতে ভবিষ্যতে ইরানের সম্ভাব্য পরমাণু বোমা তৈরির বিরুদ্ধে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞানীরা এ চিঠিতে বলেছেন, যৌথ সমঝোতার প্রতি পুরোপুরি প্রতিশ্রুতি বজায় রেখেছে ইরান।
এ আহ্বান যারা জানিয়েছেন তার মধ্যে কয়েকজন শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানী এবং অস্ত্র নিয়ন্ত্রণ সংক্রান্ত বিশেষজ্ঞও রয়েছেন। চিঠিতে কয়েকজন নোবেল বিজয়ী বিজ্ঞানী, পরমাণু অস্ত্র নির্মাণের সঙ্গে জড়িত বিজ্ঞানী, হোয়াইট হাউজের সাবেক উপদেষ্টা এবং বিশ্বের বৃহত্তম বিজ্ঞান সংস্থার প্রধান নির্বাহী সই করেছেন।
এতে স্বাক্ষরকারী বিজ্ঞানীদের অন্যতম হলেন, আইবিএম’এর ফেলো, রিচার্ড এল গারউইন, প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের রবার্ট জে গোল্ডস্টোন, স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সিগফ্রেড এস হেকার, ফ্রাংক ভন হিপ্পেল এবং মার্টিন হেলম্যান, আমেরিকান অ্যাসোসিয়েশন ফর অ্যাডভান্সমেন্ট অব সায়েন্সের রাশ ডি হল্ট এবং এমআইটি’র আর স্কট ক্যাম্প।#
পার্সটুডে/মূসা রেজা/৩