‘নাইটক্লাবে হামলকারী গেরিলাযুদ্ধে দক্ষ এবং সিরিয়ায় প্রশিক্ষণ নিয়েছে’
-
সন্দেভাজন ঘাতক আইকে মাশরাপোভ
তুরস্কের নাইটক্লাবে হামলাকারী বন্দুকধারী গেরিলাযুদ্ধের কলা-কৌশল ভালভাবেই রপ্ত করেছে এবং সিরিয়াতে প্রশিক্ষণ গ্রহণ করেছে বলে ধারণা করা হচ্ছে। ইস্তাম্বুল নগরীর রেইনা নাইটক্লাবে খ্রিস্টিয় নববর্ষের রাতে চালানো এ বর্বরোচিত হামলায় ৩৯ জন নিহত এবং ৭০ জন আহত হয়। সোমবার দেয়া বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ।
হামলাকারী নিহত হয়েছে বলে প্রথমে কোনো কোনো সংবাদ মাধ্যম খবর প্রচার করলেও পরে বলা হচ্ছে, ঘাতক নিরাপদে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তাকে গ্রেফতারের জন্য ব্যাপক অভিযানে নেমেছে তুর্কি পুলিশ।
তুর্কি সরকারি সম্প্রচার সংস্থা টিআরটি জানিয়েছে, ২৮ বছর বয়সী হামলাকারী কিরগিজস্তানের নাগরিক এবং তার নাম আইকে মাশরাপোভ। এছাড়া, সিএনএন তুর্কও বলেছে, ঘাতক কিরগিজ নাগরিক বলে ধারণা করা হচ্ছে।
তুরস্কের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ঘাতকের নিশ্চিতভাবে যুদ্ধের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। হয়ত অনেক বছর ধরেই সে সিরিয়ায় যুদ্ধ করেছে। এ সূত্র আরো বলেছে, দায়েশ হয়ত তাকে হামলার নির্দেশ দিয়েছে।
তুর্কি হাবারতুর্ক সংবাদপত্র বলেছে, নভেম্বরে সিরিয়া থেকেই তুরস্কে ঢুকেছে ঘাতক। তুরস্কের মধ্যাঞ্চলীয় নগরী কোনিয়াতে গিয়েছিল সে। তার ওপর যেন নজরদারি করা না হয় সে জন্য স্ত্রী এবং দুই সন্তান তার সঙ্গে ছিল।
ঘাতকের স্ত্রীকে গতকাল খুব ভোরে আটক করা হয়েছে। তুর্কি পুলিশের বরাত দিয়ে ব্রিটেনের আইটিভি চ্যানেল জানিয়েছে, মাশরাপোভ যে দায়েশের সঙ্গে জড়িত সে কথা তার জানা নেই বলে স্ত্রী দাবি করেছে।#
পার্সটুডে/মূসা রেজা/৪