ইনজার্লিক ঘাঁটি নিয়ে আমেরিকার প্রতি তুরস্কের প্রচ্ছন্ন হুমকি
https://parstoday.ir/bn/news/world-i30124-ইনজার্লিক_ঘাঁটি_নিয়ে_আমেরিকার_প্রতি_তুরস্কের_প্রচ্ছন্ন_হুমকি
তুরস্কের ইনজার্লিক বিমানঘাঁটি ব্যবহার নিয়ে আমেরিকাকে প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন তুর্কি প্রতিরক্ষামন্ত্রী ফিকরি ইসিক। তিনি বলেছেন, সিরিয়ায় তুর্কি সামরিক অভিযানে আমেরিকা প্রয়োজনীয় সহযোগিতা না দেয়ায় ওয়াশিংটনকে এই ঘাঁটি ব্যবহার করতে দেয়ার যৌক্তিকতা নিয়ে জনমনে প্রশ্ন উঠতে শুরু করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ০৫, ২০১৭ ০৪:২৭ Asia/Dhaka
  • তুরস্কের ইনজার্লিক বিমান ঘাঁটি থেকে আকাশে উড়ছে একটি মার্কিন সামরিক বিমান (ফাইল ছবি)
    তুরস্কের ইনজার্লিক বিমান ঘাঁটি থেকে আকাশে উড়ছে একটি মার্কিন সামরিক বিমান (ফাইল ছবি)

তুরস্কের ইনজার্লিক বিমানঘাঁটি ব্যবহার নিয়ে আমেরিকাকে প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন তুর্কি প্রতিরক্ষামন্ত্রী ফিকরি ইসিক। তিনি বলেছেন, সিরিয়ায় তুর্কি সামরিক অভিযানে আমেরিকা প্রয়োজনীয় সহযোগিতা না দেয়ায় ওয়াশিংটনকে এই ঘাঁটি ব্যবহার করতে দেয়ার যৌক্তিকতা নিয়ে জনমনে প্রশ্ন উঠতে শুরু করেছে।

তুরস্ক গত কয়েক সপ্তাহ ধরে সিরিয়ার আল-বাব শহরকে উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের দখলমুক্ত করার চেষ্টা করছে বলে দাবি করছে।  এ কাজে আমেরিকা প্রয়োজনীয় বিমান সহায়তা না দেয়ায় তুর্কি কর্মকর্তারা নানাভাবে অসন্তোষ প্রকাশ করেছেন।

বুধবার প্রতিরক্ষামন্ত্রী ইসিক বলেন, তুরস্কের জনমনে আমেরিকার অসহযোগিতা মারাত্মক অসন্তুষ্টি সৃষ্টি করছে।  তিনি আরো বলেন, “আমি আমার মিত্রদের বলেছি, এর ফলে আমেরিকার পক্ষ থেকে ইনজার্লিক ব্যবহারের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।”

দায়েশ বিরোধী কথিত যুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন জোটের জঙ্গিবিমানগুলোকে তুরস্কের দক্ষিণাঞ্চলীয় ইনজার্লিক বিমানঘাঁটিতে মোতায়েন করা হয়েছে। কিন্তু গত দুই বছরেরও বেশি সময় ধরে এই জোটের বিমান হামলায় দায়েশের ক্ষতি হতে দেখা যায়নি।

তবে তুর্কি প্রতিরক্ষামন্ত্রী আশা প্রকাশ করে বলেছেন, এখন থেকে মার্কিন নেতৃত্বাধীন জোটের জঙ্গিবিমানগুলো সিরিয়ায় দায়েশ বিরোধী যুদ্ধে বিমান সহায়তা দেবে।

এদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লুও ইনজার্লিক ঘাঁটি ব্যবহার নিয়ে আমেরিকার কড়া সমালোচনা করেছেন। সেইসঙ্গে তিনি একথাও বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র তুরস্কের একটি ‘গুরুত্বপূর্ণ মিত্র’  ছিল, আছে এবং থাকবে।”#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৫