প্রশিক্ষণ চলাকালে পরমাণু বোমাবহনে সক্ষম মার্কিন বিমানের ইঞ্জিন খসে পড়ল
মার্কিন যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ চলাকালে পরমাণু বোমা বহনে সক্ষম একটি বি-৫২ বোমারু বিমান থেকে ইঞ্জিন খসে পড়েছে। গতকাল এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে মার্কিন বিমান বাহিনী।
অবশ্য দীর্ঘপাল্লার বি-৫২ বোমারু বিমানে ছয়টি ইঞ্জিন থাকায় এ ঘটনার পরও এটি নিরাপদে ঘাঁটিতে নামতে পেরেছে এবং এতে বিমানের ছয় ক্রু’র কেউ আহত হন নি।
বিমানটি মার্কিন মিনোট বিমান ঘাঁটিতে মোতায়েন ফিফত বোম্ব উইং’এর সদস্য। ঘটনার সময়ে বি-৫২ বিমানে কোনো অস্ত্র ছিল না। ইঞ্জিনটি ঘাঁটি থেকে ২৫ নটিক্যাল মাইল উত্তরপূর্বে একটি জনবসতিহীন এলাকায় খসে পড়েছে। এ ঘটনার কারণ এখনো জানা যায় নি তবে ইঞ্জিনের ধ্বংসাবশেষ উদ্ধারে ওই এলাকায় হেলিকপ্টার দিয়ে তল্লাসি চলছে।
১৯৫২ সালে বি-৫২ বোমারু বিমান প্রথম নির্মাণ করা হয় এবং ২০৪০ সাল পর্যন্ত এটি ব্যবহার করবে মার্কিন বিমান বাহিনী । ৩২ হাজার কেজি অস্ত্র বহন করে কৌশলগত বোমারু বিমান বি-৫২ এক নাগাড়ে ১৪ হাজার ৮০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে পারে। একবার তেল নেয়ার পর এ পথ পাড়ি দিতে পারে এবং এ জন্য বি-৫২ বিমানকে ওড়ার পথে পুনরায় জ্বালানি নিতে হয় না।#
পার্সটুডে/মূসা রেজা/৫