ইসরাইল-বিরোধী প্রস্তাব নাকচ করে মার্কিন প্রতিনিধি পরিষদে ভোট
https://parstoday.ir/bn/news/world-i30253-ইসরাইল_বিরোধী_প্রস্তাব_নাকচ_করে_মার্কিন_প্রতিনিধি_পরিষদে_ভোট
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইসরাইল-বিরোধী প্রস্তাব নাকচ করে মার্কিন প্রতিনিধি পরিষদে বিপুল ভোটে একটি প্রস্তাব পাস করা হয়েছে। প্রস্তাবের পক্ষে রিপাবলিকান ও ডেমোক্র্যাট দু দলের সদস্যরাই ভোট দিয়েছেন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জানুয়ারি ০৬, ২০১৭ ১৪:১২ Asia/Dhaka
  • ইসরাইল-বিরোধী প্রস্তাব নাকচ করে মার্কিন প্রতিনিধি পরিষদে ভোট

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইসরাইল-বিরোধী প্রস্তাব নাকচ করে মার্কিন প্রতিনিধি পরিষদে বিপুল ভোটে একটি প্রস্তাব পাস করা হয়েছে। প্রস্তাবের পক্ষে রিপাবলিকান ও ডেমোক্র্যাট দু দলের সদস্যরাই ভোট দিয়েছেন।

মার্কিন প্রতিনিধি পরিষদে তোলা এ প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ৩৪২টি এবং বিপক্ষে ভোট পড়েছে ৮০টি। প্রস্তাবের পক্ষে একশোর বেশি ডেমোক্র্যাট সদস্য ভোট দিয়েছেন।

গত ২৩ ডিসেম্বর নিরাপত্তা পরিষদে ইসরাইল-বিরোধী প্রস্তাব পাস হয়। ওই প্রস্তাবে ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইলের অবৈধ বসতি নির্মাণের নিন্দা জানানো হয় এবং ইসরাইলের বসতি নির্মাণ কর্মসূচিকে আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন বলে মন্তব্য করা হয়েছে।

এর বিরুদ্ধে গতকাল (বৃহস্পতিবার) মার্কিন প্রতিনিধি পরিষদে পাস হওয়া প্রস্তাবে বলা হয়েছে, আমেরিকা কয়েক দশক ধরে ইসরাইলকে আন্তর্জাতিক অঙ্গনে সুরক্ষা দিয়ে আসছে কিন্তু ওবামা প্রশাসন ইসরাইল-বিরোধী প্রস্তাবে ভেটো না দিয়ে কয়েক দশকের অনুসৃত নীতিকে ‘খাটো’ করেছে। মার্কিন প্রতিনিধি পরিষদের প্রস্তাবে আরো বলা হয়েছে- ভবিষ্যতে নিরাপত্তা পরিষদে ইসরাইল-বিরোধী প্রস্তাব তোলা হলে তাতে অবশ্যই ওয়াশিংটনকে ভেটো দিতে হবে। ধারণা করা হচ্ছে- শিগগিরি মার্কিন সিনেটেও একই ধরনের একটি প্রস্তাব আনা হতে পারে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৬