ফ্লোরিডার বিমানবন্দরে বন্দুকধারীর হামলা: নিহত ৫ আহত ৮
-
ফোর্ট লডারডেল-হলিউড আন্তর্জাতিক বিমানবন্দর
আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি বিমানবন্দরে এক বন্দুকধারীর হামলায় অন্তত পাঁচজন নিহত ও অপর আটজন আহত হয়েছে। ব্রোউড কাউন্টির ফোর্ট লডারডেল-হলিউড আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার এ ঘটনা ঘটে।
ব্রোউড শেরিফের দপ্তর জানিয়েছে, ‘স্টার ওয়ার্স’র টি-শার্ট পরিহিত ওই বন্দুকধারী বিমানবন্দরের ব্যাগেজ খালাসের এলাকায় ঢুকে গুলি চালাতে শুরু করে। ২০ বছরের কিছু বেশি বয়সের বন্দুকধারী যুবকের নাম এস্টেবান সান্টিয়াগো বলে জানানো হয়েছে।
একবার গুলিবর্ষণ করে আবার বন্দুকে গুলি ঢুকাতে গেলে পুলিশ তার পায়ে গুলি করে। আহত অবস্থায় তাকে আটক করা হয়েছে বলে শেরিফের দপ্তর জানিয়েছে। ফ্লোরিডার সিনেটর বিল নেলসন বলেছেন, ঘাতক সান্টিয়েগো মার্কিন সামরিক বাহিনীর পরিচয়পত্র বহন করছিল।
টার্মিমাল ২-এর ব্যাগেজ খালাসের এই এলাকাটি ডেল্টা এয়ারলাইন্স ও এয়ার কানাডা ব্যবহার করে থাকে। গুলিবর্ষণের ঘটনার পর কর্তৃপক্ষ সাময়িকভাবে বিমানবন্দরটিতে বিমান ওঠানামা বন্ধ করে দিয়েছে।
নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় বলেছেন, তিনি ফ্লোরিডার ‘ভয়াবহ পরিস্থিতি’ পর্যবেক্ষণ করছেন। বিষয়টি নিয়ে তিনি ফ্লোরিডার গভর্নর রিক স্কটের সঙ্গে কথা বলেছেন বলেও জানিয়েছেন ট্রাম্প।
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৭