নির্যাতনে মিয়ানমারের আরো ২ রোহিঙ্গা মুসলমান নিহত
-
ফাইল ফটো
মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক বাহিনীর নির্যাতনে আরো অন্তত দুজন রোহিঙ্গা মুসলমান মারা গেছেন। এছাড়া, সেনাসদস্যরা বহু মানুষকে আটক করেছে।
স্থানীয় কয়েকটি সূত্র বলেছে, রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে সামরিক বাহিনীর তল্লাশি ও ধরপাকড় অভিযানের সময় বুথিদাউং গ্রামে এসব হত্যার ঘটনা ঘটে। দিনব্যাপী সামরিক বাহিনীর অভিযানে বহু মানুষ মারাত্মক নির্যাতনের শিকার হয়েছে বলেও জানা গেছে।
ইরানের প্রেস টিভি জানিয়েছে, অভিযানে অন্তত ৩০০ রোহিঙ্গা মুসলমানকে আটক ও মারপিট করা হয়। পরে টাকার বিনিময়ে ২৪৫ জনকে মুক্তি দেয়া হয়। এছাড়া, কয়েক ডজন নারীর ওপর নির্যাতন চালানো হয়েছে এবং তিনজন নারী নিখোঁজ রয়েছেন।
গত অক্টোবর মাস থেকে রাখাইন রাজ্যে মুসলমানদের ওপর নতুন করে হত্যা, নির্যাতন ও ধরপাকড় শুরু হয়েছে। উগ্র বৌদ্ধ সন্ত্রাসী, পুলিশ ও সেনাবাহিনীর অভিযানের মুখে হাজার হাজার রোহিঙ্গা মুসলমান ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। এর মধ্যে কেউ বাংলাদেশে; আবার কেউ কাচিন প্রদেশে আশ্রয় নিয়েছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৮