চীন অদূর ভবিষ্যতে ৩ বিমানবাহী রণতরীর মালিক হতে চলেছে
https://parstoday.ir/bn/news/world-i30427-চীন_অদূর_ভবিষ্যতে_৩_বিমানবাহী_রণতরীর_মালিক_হতে_চলেছে
চীনের বিমানবাহী রণতরীর সংখ্যা অদূর ভবিষ্যতে তিনটিতে দাঁড়াবে। দেশটির দ্বিতীয় রণতরী নির্মাণের কাজ এগিয়ে চলেছে উল্লেখ করে এ খবর দিয়েছে দেশটির সংবাদপত্র চাইনিজ পিপলস ডেইলি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ০৮, ২০১৭ ১৬:৪২ Asia/Dhaka
  • চীনা বিমানবাহী রণতরী
    চীনা বিমানবাহী রণতরী

চীনের বিমানবাহী রণতরীর সংখ্যা অদূর ভবিষ্যতে তিনটিতে দাঁড়াবে। দেশটির দ্বিতীয় রণতরী নির্মাণের কাজ এগিয়ে চলেছে উল্লেখ করে এ খবর দিয়েছে দেশটির সংবাদপত্র চাইনিজ পিপলস ডেইলি।

এতে ভৌগলিক সার্বভৌমত্ব এবং সমুদ্রপথের ওপর চীন আরো জোরালো অধিকার প্রতিষ্ঠা করতে পারবে বলে জানিয়েছেন সামরিক বিশেষজ্ঞ লিয়াং ফ্যাং।

গত সপ্তাহের গোড়ার দিকে চীনা বিমানবাহী রণতরী লিয়াওনিংয়ের নেতৃত্বাধীন  নৌবহর দক্ষিণ চীন সাগরে মহড়া চালিয়েছে। একই সময়ে প্রকাশিত আরেক খবরে বলা হয়েছে, মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসনকে ক্যালিফোর্নিয়ার সান দিয়াগো থেকে পশ্চিম প্রশান্ত মহাসাগরে মোতায়েন করা হবে।

লিয়াং ফ্যাং বলেছেন, আধিপত্য প্রতিষ্ঠা নয় বরং জাতীয় স্বার্থ রক্ষার লক্ষ্য নিয়েই বিমানবাহী রণতরী প্রযুক্তির উন্নয়ন ঘটিয়ে চলেছে চীন। বিমানবাহী রণতরীর আকার, এর সঙ্গে জড়িত ব্যাটেল গ্রুপ এবং এতে বহনকারী যুদ্ধবিমানের সংখ্যার দিক থেকে আমেরিকার সঙ্গে চীনের তুলনা চলে না বলে স্বীকার করেন লিয়াং ফ্যাং। তবে এ ক্ষেত্রে প্রচণ্ড উদ্যম থাকার কারণে চীনের ভবিষ্যৎ অনেক বেশি উজ্জ্বল বলে মন্তব্য করেন তিনি। গত এক দশকে চীনের যুদ্ধ-সক্ষমতা অনেক বেড়েছে এবং তা অব্যাহত রয়েছে।# 

পার্সটুডে/মূসা রেজা/৮