সিরিয়ায় “নিরাপদ অঞ্চল” প্রতিষ্ঠার ফলাফল খতিয়ে দেখুন: আমেরিকাকে রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i31847-সিরিয়ায়_নিরাপদ_অঞ্চল_প্রতিষ্ঠার_ফলাফল_খতিয়ে_দেখুন_আমেরিকাকে_রাশিয়া
সিরিয়ার ভেতরে কথিত “নিরাপদ অঞ্চল” প্রতিষ্ঠা সংক্রান্ত ওয়াশিংটনের পরিকল্পনার ফলাফল গভীর ভাবে বিবেচনার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জানুয়ারি ২৬, ২০১৭ ২০:১৬ Asia/Dhaka
  • সিরিয়ায় “নিরাপদ অঞ্চল” প্রতিষ্ঠার ফলাফল খতিয়ে দেখুন: আমেরিকাকে রাশিয়া

সিরিয়ার ভেতরে কথিত “নিরাপদ অঞ্চল” প্রতিষ্ঠা সংক্রান্ত ওয়াশিংটনের পরিকল্পনার ফলাফল গভীর ভাবে বিবেচনার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া।

আজ(বৃহস্পতিবার) এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ। মার্কিন পরিকল্পিত পদক্ষেপের সম্ভাব্য সব দিক খতিয়ে বিবেচনা করার আহ্বান জানান তিনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার ভেতরে কয়েকটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার জন্য প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনকে নির্দেশ দিতে যাচ্ছেন বলে খবর প্রকাশিত হওয়ার পর এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন পেসকভ।

বুধবার এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, “সিরিয়ার জনগণের জন্য আমি অবশ্যই নিরাপদ অঞ্চল গঠন করব।”

কয়েকদিনের মধ্যেই ট্রাম্প পেন্টাগন এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরকে নিরাপদ অঞ্চল গঠনের পরিকল্পনা প্রণয়নের নির্দেশ দেবেন বলে মনে করা হচ্ছে। 

রাশিয়ার সঙ্গে সম্ভাব্য সংঘাতের আশংকায়  মার্কিন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা সিরিয়ার ভেতরে নিরাপদ অঞ্চল গঠনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন; কিন্তু ট্রাম্প সেই নীতি থেকে সরে গেলেন বলে পরিস্থিতি দেখে ধারণা করা হচ্ছে।#

পার্সটুডে/মূসা রেজা/২৬