পুতিন-ট্রাম্প ফোনালাপ: সমন্বয়ে সম্মত রাশিয়া ও আমেরিকা
-
ট্রাম্প (বামে) ও পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোনালাপ করেছেন। ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর এই প্রথম দুই প্রেসিডেন্ট ফোনালাপ করলেন।
গতকাল ক্রেমলিন থেকে দেয়া বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। এতে আরো বলা হয়েছে, দুিই প্রেসিডেন্ট রাশিয়া এবং আমেরিকার মধ্যে যথার্থ সমন্বয় স্থাপনের পক্ষে কথা বলেছেন। সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশসহ অন্য সন্ত্রাসীদের পরাজিত করার জন্য এ সমন্বয়ের কথা বলেন তারা।
এছাড়া, দুই প্রেসিডেন্ট নিয়মিত ব্যক্তিগত যোগাযোগ রাখতে সম্মত হয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, পুতিন এবং ট্রাম্প ব্যক্তিগত সাক্ষাতের সম্ভাব্য তারিখ ও স্থান নির্ধারণের বিষয়েও সম্মত হয়েছেন।
গত সপ্তাহে ক্রেমলিন বলেছিল, ট্রাম্পের সঙ্গে বৈঠকের বিষয়ে প্রস্তুত রয়েছেন পুতিন। তবে এ ধরনের বৈঠকের জন্য প্রস্তুতি নিতে কিছুটা সময়ের প্রয়োজন রয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/২৯