নর্থ ডাকোটায় পাইপ লাইন বিরোধী বিক্ষোভ ছত্রভঙ্গ করল পুলিশ, ৭৬ গ্রেফতার
মার্কিন অঙ্গরাজ্য নর্থ ডাকোটায় নতুন করে শুরু হওয়া পাইপ লাইন বিরোধী বিক্ষোভ সমাবেশ ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ ছাড়া, পাইপ লাইন নির্মাণাধীন এলাকার বিক্ষোভ সমাবেশ থেকে অন্তত ৭৬ জনকে আটক করা হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ পাইপ লাইন নির্মাণের কাজ পুনরায় শুরু করার নির্দেশ দেয়ার কয়েক দিনের মধ্যেই এ ঘটনা ঘটল।
নর্থ ডাকোটার আইণপ্রণেতা সিনেটর হোভেন এবং প্রতিনিধি কেভিন ক্রামার অচল হয়ে পড়া পাইপ লাইনের কাজ শুরু হবে বলে ঘোষণা দেয়ার পর বিক্ষোভ দেখা দেয়। এ পাইপ লাইন নির্মাণ করা হলে পরিবেশের ওপর এর প্রভাব নিয়ে মার্কিন আদিবাসী গোষ্ঠী এবং পরিবেশবাদীদের উদ্বেগকে উপেক্ষা করে এ ঘোষণা দেয়া হয়।
এ দিকে, সেনাবাহিনী বিষয়ক ভারপ্রাপ্তমন্ত্রী রবার্ট স্পিয়ার মার্কিন সেনাবাহিনীর প্রকৌশল কোরকে ডাকোটা পাইপ লাইনের কাজ শেষ করার জন্য এগিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন।
এ পাইপ লাইন নির্মাণের স্বপক্ষে আদালতের রায়কে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হওয়ায় তা কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওমাবার প্রশাসন। কিন্তু এ পাইপ লাইনের কাজ শুরুর জন্য গত সপ্তাহে নির্দেশ জারি করেন ট্রাম্প।
এ দিকে, এর আগে, শতাধিক আদিবাসী মার্কিনীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, চার অঙ্গরাজ্যের মধ্য দিয়ে অতিক্রমকারী পাইপ লাইন তাদের পবিত্র স্থানগুলোকে নষ্ট এবং পানির উৎসগুলোকে দূষিত করবে।#
পার্সটুডে/মূসা রেজা/২