ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে অজুহাত করে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা দিলেন ট্রাম্প
ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার অজুহাত আজ(শুক্রবার) মার্কিন অর্থ বিভাগ এ নিষেধাজ্ঞা ঘোষণা করে।
ইরানের ১২টি সংস্থা এবং ১৩ জন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং তাদের তালিকা প্রকাশ করেছে মার্কিন অর্থ বিভাগ। তেহরান, সংযুক্ত আরব আমিরাত, লেবানন এবং চীনে অবস্থিত কোম্পানিগুলোর ওপর এ নিষেধাজ্ঞা দেয়া হয়।
ইরানের বিরুদ্ধে সব ধরণের পদক্ষেপের কথাই বিবেচনা করা হচ্ছে বলে ট্রাম্প ঘোষণা করার এক দিন পরই এ নিষেধাজ্ঞা আরোপ করা হলো। এ ছাড়া, ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে হোয়াইট হাউজ তেহরানকে আনুষ্ঠানিক ভাবে হুঁশিয়ারি দিয়েছে বলেও গতকাল ঘোষণা করেছিলেন ট্রাম্প।
আজ তিনি দাবি করেন, ইরান আগুন নিয়ে খেলছে। টুইট বার্তায় তিনি বলেন, ইরান আগুন নিয়ে খেলছে। মার্কিন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা তাদের প্রতি বেশ ‘দয়া’ দেখিয়েছেন কিন্তু ইরান তা স্বীকার করে না। ট্রাম্প আরো বলেন, তিনি এমনটি হবেন না।
এদিকে ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন হুমকির মুখে ইরান এক চুলও নড়বে না বরং নিজের প্রতিরক্ষা ব্যবস্থার ওপরই ভরসা করবে।#
পার্সটুডে/মূসা রেজা/৩