ইরান সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা করছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর অভিযোগ
-
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস
ইসলামি প্রজাতন্ত্র ইরান সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা করছে বলে অভিযোগ করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে তেহরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন নিষেধাজ্ঞা আরোপ করার পরপরই তিনি এ কথা বললেন।
জেমস ম্যাটিস আজ (শনিবার) জাপানের রাজধানী টোকিওতে এক সংবাদ সম্মেলনে বলেন, “যতক্ষণ পর্যন্ত ইরান টিকে আছে ততক্ষণ পর্যন্ত এই দেশটি হচ্ছে সন্ত্রাসবাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক।” তবে ইরানের এই কর্মকাণ্ডের জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানান তিনি। ম্যাটিস বলেন, “সাবেক প্রেসিডেন্ট ওবামার মতো ইরানকে উপেক্ষা করে ট্রাম্প প্রশাসনের চলবে না; ইরানকে উপেক্ষা করা ঠিকও হবে না।”
ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে ইরান নিয়ে যেমন বাগাড়ম্বর করছেন, সেই একই পথে হাঁটলেন ম্যাটিস। অবশ্য, ম্যাটিস তার সামরিক জীবনে ইরাক ও আফগানিস্তানে বর্বর অভিযান চালানোর জন্য বিশ্বের গণমধ্যমে ‘পাগলা কুকুর’ বলে খ্যাত। ট্রাম্প নিজেও তাকে নিয়োগ দেয়ার আগে বলেছিলেন, “আমি পাগলা কুকুরকে প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দেব।”#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৪