ভিসা নিষেধাজ্ঞা কার্যকর করতে আপিল আদালতের প্রতি মার্কিন বিচার বিভাগের আহ্বান
মার্কিন আইন বিভাগ দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভিসা নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য আমেরিকার আপিল আদালতের প্রতি আহ্বান জানিয়েছে।
মার্কিন বিচার বিভাগের ১৫ পাতার বক্তব্যে দাবি করা হয়েছে যে, আমেরিকার স্বার্থেই এটি পুনরায় কার্যকর করা উচিত। এতে ট্রাম্পের ভিসা নিষেধাজ্ঞাকে আইনগত দিক থেকে বৈধ তৎপরতা হিসেবে উল্লেখ করা হয়।
গত মাসের ২৭ তারিখে ডোনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশ বলে ইরানসহ ৭ দেশের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা কার্যকর করেন। এতে ৭ মুসলিম দেশের সব নাগরিকের ১২০ দিনের জন্য এবং শরণার্থীদের স্থায়ী ভাবে আমেরিকায় ঢোকার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
মার্কিন একটি জেলা আদালতের বিচারক রবার্ট জেমস গত সপ্তাহে ভিসা নিষেধাজ্ঞা স্থগিত রাখার রায় দেন। এ রায়ের বিরুদ্ধে আপিল করা হয়। মার্কিন একটি আপিল আদালত বিচার বিভাগের জরুরি আপিল নাকচ করে দেয় এবং ট্রাম্পের নির্বাহী আদেশ কার্যকর করতে অস্বীকার করে।
অবশ্য, মার্কিন সরকার ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো’র আপিল আদালতের শরণাপন্ন হয়েছে। আজ(মঙ্গলবার) সন্ধ্যায় এ সংক্রান্ত শুনানি হওয়ার কথা রয়েছে। এতে ট্রাম্পের নির্বাহী আদেশের ভাগ্য নির্ধারিত হবে বলে ধারণা করা হচ্ছে।#
পার্সটুডে/মূসা রেজা/৭