আমেরিকা-চীন যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে: চীন বিষয়ক বিশেষজ্ঞ দল
-
চীনা দৈনিকগুলোতে ট্রাম্পের খবর
দক্ষিণ চীন সাগর এবং তাইওয়ান নিয়ে মার্কিন নীতি পরিবর্তন না হলে হলে বেইজিং-ওয়াশিংটন যুদ্ধ শুরু হতে পারে। ১৮ মাস ধরে তৈরি করা প্রতিবেদনে এ আশংকা ব্যক্ত করেছেন বিশ্বের শীর্ষস্থানীয় চীন বিষয়ক বিশেষজ্ঞদের একটি দল।
এ দলের কেউ কেউ গত ৫০ বছরের বেশি সময় ধরে চীনা বিষয় নিয়ে কাজ করছেন। রোববার ৭৪ পাতার এ প্রতিবেদন হোয়াইট হাউজের কাছে উপস্থাপন করা হয়েছে। আজ (মঙ্গলবার) আরো পরে প্রতিবেদনটি ওয়াশিংটন ডিসিতে প্রকাশের কথা থাকলেও এর ভিত্তিতে সংবাদ-নিবন্ধ প্রকাশ করেছে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান।
তাইওয়ানের দিকে ঝুঁকে পড়ার দিকে ইঙ্গিত করে চীন বিষয়ক প্রবীণ বিশেষজ্ঞ অরভিল শেল বলেন, আমেরিকার কয়েক দশকের পুরানো চীন সংক্রান্ত নীতিতে অগ্নি সংযোগের প্রবণতা দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একে ভীতিকর হিসেবে তুলে ধরেছেন শেল। মাও সে তুংয়ের সাংস্কৃতিক বিপ্লবের সঙ্গে তুলনা করে একে ট্রাম্পের নেতৃত্বে ‘মার্কিন সাংস্কৃতিক বিপ্লব’ হিসেবে অভিহিত করেন তিনি।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এ পর্যন্ত কোনো কথা বলেন নি ট্রাম্প। এতে হতাশ হয়েছে বেইজিং। এছাড়া, গত সপ্তাহে ট্রাম্পের প্রধান নীতি ও কৌশল নির্ধারণকারী স্টিভ ব্যাননোন বলেছেন, দক্ষিণ চীন সাগরে আগামী পাঁচ থেকে ১০ বছরের মধ্যে চীন-মার্কিন যুদ্ধ অনিবার্য।#
পার্সটুডে/মূসা রেজা/৭