সৌদি এবং বাহরাইনের কাছে অস্ত্র বিক্রি অনুমোদনের কথা ভাবছে ট্রাম্প প্রশাসন
মার্কিন নতুন প্রশাসন সৌদি আরব এবং বাহরাইনের কাছে বড় ধরণের অস্ত্র বিক্রি চুক্তির অনুমোদন দেবে বলে ধারণা করা হচ্ছে। বারাক ওবামার প্রশাসন ক্ষমতার শেষ দিকে এসে এ দুই চুক্তি আটকে দিয়েছিল বলে জানিয়েছে ওয়াশিংটন টাইমস।
এ চুক্তির সঙ্গে জড়িত নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে দৈনিকটি এ খবর প্রকাশ করেছে। এতে আরো বলা হয়েছে, সৌদি আরবের কাছে ৩০ কোটি ডলারের গাইডেড ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং বাহরাইনের কাছে বহুকোটি ডলারের এফ-১৬ যুদ্ধ বিমান বিক্রির চুক্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিবেচনার জন্য কর্মসূচিতে ঠাঁই পেয়েছে।
ইয়েমেনে রিয়াদের চলমান আগ্রাসনের পরিপ্রেক্ষিতে মার্কিন কয়েকজন আইন প্রণেতাসহ মানবাধিকার গোষ্ঠীগুলো এ জাতীয় সম্ভাব্য চুক্তির কঠোর বিরোধিতা করেছে। কিন্তু মার্কিন কংগ্রেসের একটি সূত্র দৈনিকটিকে বলেছে, ট্রাম্প প্রশাসন সহজেই এ জাতীয় চাপ এড়াতে পারবে।
এদিকে এ পরিকল্পনার বিষয়ে কোনো মন্তব্য করতে হোয়াইট হাউজ অস্বীকার করেছে বলেও জানিয়েছে দৈনিকটি।#
পার্সটুডে/মূসা রেজা/৮