রোহিঙ্গা পরিস্থিতি বিশ্ব এখনো উপলব্ধি করতে পারে নি: জাতিসংঘ
-
উদ্বাস্তু রোহিঙ্গা মুসলমান
মিয়ানমারে চলমান সামরিক অভিযানের মধ্যে এক হাজারের বেশি সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমান মারা গেছে বলে ভয়াবহ তথ্য ফাঁস করেছেন জাতিসংঘের শীর্ষ পর্যায়ের দুই কর্মকর্তা। জাতিসংঘের এ কর্মকর্তারা মিয়ানমারের রোহিঙ্গা উদ্বাস্তুদের নিয়ে কাজ করে আসছেন।
তারা বুধবার জানিয়েছেন, রোহিঙ্গা মুসলমানদের হত্যার বিষয়ে আগে যে রিপোর্ট দেয়া হয়েছে প্রকৃত তথ্য তার চেয়ে অনেক বেশি। তারা বলেছেন, মুসলিম অধ্যুষিত রাখাইন রাজ্যে কীভাবে মানবাধিকারের বিপর্যয় ঘটেছে বিশ্ব তা এখনো উপলব্ধি করতে পারে নি। দুই কর্মকর্তার মধ্যে একজন বলেছেন, “মৃতের সংখ্যা এখনো শত শত বলা হচ্ছে। কিন্তু এটা সম্ভবত অনেক কম; আমরা বিষয়টি হাজার হাজার বলে দেখছি।” জাতিসংঘের এ কর্মকর্তা জানান, বাংলাদেশে পালিয়ে যাওয়া রোহিঙ্গা মুসলমানদের কাছ থেকে গত চার মাসে তিনি এ তথ্য সংগ্রহ করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এ কর্মকর্তা বলেন, সংগৃহীত এসব তথ্য-প্রমাণ থেকে এটা পরিষ্কার হয়েছে যে, রোহিঙ্গা মুসলমান নিহত হওয়ার সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে। মিয়ানমারের সরকারি কর্মকর্তারা পীড়িপীড়ি করছেন যে, গত অক্টোবর মাস থেকে শুরু হওয়া সেনা অভিযানের পর থেকে এ পর্যন্ত একশ’র কম লোক মারা গেছে। রোহিঙ্গা মুসলমানরা একটি পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে কয়েকজন পুলিশকে হত্যা করেছে বলে অভিযোগ এনে সেনাবাহিনী রাখাইন রাজ্যে মুসলমানদের বিরুদ্ধে অভিযান শুরু করে।
কয়েকদিন আগে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার বলেছেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর সাম্প্রতিক মাসগুলোতে গণহত্যা চালানো হয়েছে এবং নারীদের ওপর চলেছে গণধর্ষণের ঘটনা যা মানবতাবিরোধী অপরাদের পর্যায়ে পড়ে। জাতিসংঘ মানবাধিকার কমিশন আরো বলেছে, উদ্বাস্তুদের কাছ থেকে পাওয়া তথ্য-প্রমাণ ও স্যাটেলাইট ইমেজ থেকে পরিষ্কার হয়েছে যে, বহু গ্রামে ধ্বংসযজ্ঞ চালানা হয়েছে।
জাতিসংঘের দ্বিতীয় কর্মকর্তা বলেন, মানবাধিকার কমিশন ২২০ জনের সাক্ষাৎকারের ভিত্তিতে মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের যে পরিস্থিতি তুলে ধরেছে তা নিতান্তই বিশাল ‘আইসবার্গের চূড়ার মতো’। এছাড়া, জাতিসংঘের আলাদা আরেকটি বিশ্লেষণে বলা হয়েছে, নিহতের সংখ্যা অনেক বেশি; সেনা অভিযান শুরুর পর শুধুমাত্র একটি গ্রামেই ৩৫০ জন নিহত হয়েছে কিংবা নিখোঁজ রয়েছে।
মিয়ানমারের প্রেসিডেন্টের মুখপাত্র জ এইচটে বুধবার বলেছেন, এক হাজারের বেশি মুসলমান নিহতের বিষয়ে জাতিসংঘ যে দাবি করছে তা সরেজমিনে তদন্ত করে দেখা হবে। এ সংখ্যা মিয়ানমারের সরকারের দেয়া তথ্যের চেয়ে অনেক বেশি বলে দাবি করেন তিনি।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৮