রোহিঙ্গা মুসলমানের বিরুদ্ধে মৃত্যুদণ্ড দিয়েছে মিয়ানমার সরকার
-
নির্যাতিত রোহিঙ্গা মুসলমান (ফাইল ফটো)
মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর ফাঁড়িতে হামলা চালানোর কথিত অভিযোগে একজন সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির সরকার। গত অক্টোবর মাস থেকে এ হামলার অভিযোগে পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে মুসলমানদের ওপর মিয়ানমারের সেনাবাহিনী ব্যাপক ধারপাকড় ও হত্যাকাণ্ড চালিয়ে আসছে।
রাখাইন রাজ্যের রাজধানী সিত্তের পুলিশ প্রধান ইয়ান নাইং লেত সোমবার এক বিবৃতিতে জানিয়েছেন,মামাহদ্নু আকা আউলা নামে এ ব্যক্তির বিরুদ্ধে সিত্তে আদালত শুক্রবার মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। আদালত বলেছে, ‘ইচ্ছাকৃত হত্যা’র জন্য মামাহদ্নুকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। তবে পুলিশ প্রধান মুসলিম এ নাগরিকের মৃত্যুদণ্ডের দিন-তারিখ সম্পর্কে কিছুই বলেন নি।
পুলিশ প্রধান দাবি করেছেন, মামাহদ্নু নামের এ রোহিঙ্গা মুসলমান হামলায় অংশ নিয়েছিলেন এবং ওই হামলায় তিনি নেতৃত্ব দেন। এছাড়া, হামলার পরিকল্পনাও তিনি করেছেন বলে দাবি করেন পুলিশ প্রধান। তিনি হচ্ছে ১৪ জন হামলাকারীর অন্যতম যাদেরকে সিত্তে শহরে আটক করা হয়। বাকি ১৩ জনকেও আদালতে হাজির করা হয়েছিল কিন্তু এখনো তাদের বিরুদ্ধে আদালত কোনো রায় দেয় নি।
গত ৯ অক্টোবর মিয়ানমারের কোটানকাউক সীমান্তের একটি ফাঁড়িতে হামলার অভিযোগে দেশটির পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে মুসলমানদের ওপর মিয়ানমারের সেনাবাহিনী ব্যাপক ধারপাকড় ও হত্যাকাণ্ড চালাচ্ছে। কিন্তু রোহিঙ্গা মুসলমানরা বলছেন, সরকার সম্পূর্ণ মিথ্যা অভিযোগে তাদের বিরুদ্ধে দমন-পীড়ন ও হত্যাকাণ্ড চালিয়ে আসছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৪