ভারতীয় হামলায় পাকিস্তানের ৩ সেনা নিহত; ডেপুটি হাইকমিশনারকে তলব
-
জেপি সিংকে পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব (ফাইল ফটো)
সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘন এবং পাকিস্তানের তিন সেনা হত্যার প্রতিবাদে ইসলামাবাদে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার জেপি সিংকে তলব করেছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্ক বিভাগের মহাপরিচালক ভারতীয় ডেপুটি হাইকমিশনারকে তলব করেন।
ভারতীয় দূতকে ডেকে মহাপরিচালক ড. মুহাম্মাদ ফয়সাল পাকিস্তানি সেনা হত্যার প্রতিবাদ জানান এবং আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের জন্য ভারতের নিন্দা জানান। সোমবার নিয়ন্ত্রণ রেখা বরাবর ভিম্বারের কাছে থুব সেক্টরে ভারতীয় সেনাদের হামলায় পাকিস্তানের তিন সেনা নিহত হয়। পাকিস্তান দাবি করছে, বিনা উস্কানিতে ভারতের সেনারা এ হামলা চালিয়েছে।
ড. মুহাম্মাদ ফয়সাল ২০০৩ সালের যুদ্ধবিরতি চুক্তির প্রতি সম্মান দেখাতে ভারতকে আহ্বান জানান। এছাড়া, সোমবারের সেনা হত্যার ঘটনা তদন্ত করতে এবং সীমান্তে মোতায়েন সেনাদেরকে যুদ্ধবিরতি মেনে চলার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেয়ার কথা বলেন পাক কর্মকর্তা।
গত কয়েক সপ্তাহ নিয়ন্ত্রণ রেখা বরাবর তুলনামূলক শান্ত থাকার পর বিশেষ করে পাকিস্তানের সেনা কমান্ডে পরিবর্তন আনার পর কয়েকদিন ধরে দু পক্ষের মধ্যে আবার গোলাগুলি শুরু হয়েছে। পাক সামরিক বাহিনীর হিসাব অনুসারে- ২০১৬ সালে ভারতীয় সেনাবাহিনী সীমান্তে অন্তত ১৭৮ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৫