ফিলিস্তিন ইস্যুতে মার্কিন অবস্থান উদ্বেগজনক: ফ্রান্স
https://parstoday.ir/bn/news/world-i33102-ফিলিস্তিন_ইস্যুতে_মার্কিন_অবস্থান_উদ্বেগজনক_ফ্রান্স
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-মার্ক আইরো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে বলেছেন, ইসরাইল-ফিলিস্তিন দ্বন্দ্বের দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের বিষয়টি স্থগিত করায় এ ইস্যুতে হোয়াইট হাউজের অবস্থান ‘দ্বিধাদ্বন্দ্বপূর্ণ এবং উদ্বেগজনক’।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১৭, ২০১৭ ১০:০১ Asia/Dhaka
  • ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-মার্ক আইরো
    ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-মার্ক আইরো

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-মার্ক আইরো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে বলেছেন, ইসরাইল-ফিলিস্তিন দ্বন্দ্বের দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের বিষয়টি স্থগিত করায় এ ইস্যুতে হোয়াইট হাউজের অবস্থান ‘দ্বিধাদ্বন্দ্বপূর্ণ এবং উদ্বেগজনক’।

জার্মানির বনে শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি-২০ সম্মেলনের অবকাশে  মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসেনের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন। আইরো বলেন, “বুধবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে যে বৈঠক হয়েছে তারপর আমি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে স্মরণ করিয়ে দিতে চেয়েছি যে, ফিলিস্তিন-ইসরাইল ইস্যুতে ফ্রান্স দুই রাষ্ট্রভিত্তিক সমাধান ছাড়া অন্য কিছু চিন্তা করে না।” বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যেসব কথা বলেছেন তা বাস্তব ও ভারসাম্যপূর্ণ নয় বলেও ফরাসি মন্ত্রী মন্তব্য করেন।

এদিকে, পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরাইল যে অবৈধ বসতি নির্মাণের নতুন পরিকল্পনা ঘোষণা করেছে তার নিন্দা করেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল। তিনি বলেছেন, সেখানে ইসরাইল যে অসংখ্য বসতি নির্মাণ করছে তাতে জার্মানি উদ্বিগ্ন এবং তেলআবিবের পদক্ষেপ সংকটের দুই রাষ্ট্রভিত্তিক সমাধান অসম্ভব করে তুলবে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৭