পাক সেনাদের গোলায় আত্মঘাতী বোমা হামলার শীর্ষ প্রশিক্ষক নিহত
-
ফাইল ফটো
পাকিস্তান সেনাবাহিনীর দু’দিনব্যাপী গোলাবর্ষণে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রায় ১২টি প্রশিক্ষণ শিবির এবং গোপন আস্তানা ধ্বংস হয়ে গেছে। আত্মঘাতী বোমা হামলার প্রশিক্ষণদানকারী এক শীর্ষ সন্ত্রাসীসহ ১২ জনের বেশি সন্ত্রাসী নিহত হয়েছে। আফগান সূত্রগুলো এসব তথ্য নিশ্চিত করেছে।
আন্তঃসীমান্ত রকেট হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য কাবুলের পাক রাষ্ট্রদূতকে তলব করার কয়েক ঘণ্টা পরে এসব তথ্য নিশ্চিত করা হয়।
সন্ত্রাসীদের আত্মঘাতী বোমা হামলার প্রশিক্ষণদানকারী শীর্ষস্থানীয় এ সন্ত্রাসীর নাম রেহমান বাবা বলে জানান হয়েছে। জামাতুল আহরার বা জেইউএ’র উপপ্রধান আদিল বাচাও মারা গেছে। আফগান সূত্রগুলো আরো জানিয়েছে, জেইউএ, তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি’র ১০ থেকে ১২টি প্রশিক্ষণ শিবির ধ্বংস করা হয়েছে। জেইউএ’র ডেপুটি কমান্ডার ওয়ালি নিহত হয়েছে এবং অস্ত্রাগারও ধ্বংস করে দেয়া হয়েছে।
এদিকে, একদিন আগেই মোহাম্মদ এবং খাইবার এজেন্সির বিপরীত পাশে অবস্থিত জেইউএ’র চারটি প্রশিক্ষণ শিবির ধ্বংস করা হয়।
নিষিদ্ধ ঘোষিত টিটিপি এবং জেইউএ’র দলছুট অংশ আফগান সীমান্ত জুড়ে নিরাপদ আস্তানা স্থাপন করেছিল। এসব আস্তানা থেকে পাকিস্তানের ভেতরে সন্ত্রাসী হামলা চালানো হতো। পাকিস্তানে বেশিরভাগ সন্ত্রাসী হামলায় এই দুই গোষ্ঠী জড়িত।#
পার্সটুডে/মূসা রেজা/১৯