লে পেনের এফএন পার্টির সদর দফতরে ফরাসি পুলিশের অভিযান
https://parstoday.ir/bn/news/world-i33312-লে_পেনের_এফএন_পার্টির_সদর_দফতরে_ফরাসি_পুলিশের_অভিযান
ফরাসি পুলিশ দেশটির প্রেসিডেন্ট প্রার্থী মেরিন লে পেনের নেতৃত্বাধীন উগ্রডানপন্থী ফ্রন্ট ন্যাশনাল বা এফএন পার্টির সদর দফতরের অভিযান চালিয়েছে। লে পেনের বিরুদ্ধে ইউরো তহবিলের অপব্যবহারের অভিযোগের তদন্তের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২১, ২০১৭ ১৫:২৫ Asia/Dhaka
  • লে পেনের এফএন পার্টির সদর দফতরে ফরাসি পুলিশের অভিযান

ফরাসি পুলিশ দেশটির প্রেসিডেন্ট প্রার্থী মেরিন লে পেনের নেতৃত্বাধীন উগ্রডানপন্থী ফ্রন্ট ন্যাশনাল বা এফএন পার্টির সদর দফতরের অভিযান চালিয়েছে। লে পেনের বিরুদ্ধে ইউরো তহবিলের অপব্যবহারের অভিযোগের তদন্তের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।

এফএন পার্টির বিবৃতিতে বলা হয়েছে, রাজধানী প্যারিসের কাছে এফএন সদর দফতরে ফরাসি তদন্তকারীরা তল্লাসি চালিয়েছে। ভুয়া চাকরি দেয়ার অভিযোগকে কেন্দ্র করে এ তদন্ত চলছে এবং এ অভিযোগ এনেছেন ব্রাসেলসের ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা।

লে পেন নিজেও ইউরোপীয় সংসদের সদস্য এবং অভিযোগে বলা হয়েছে, ইউরোপীয় সংসদের তহবিল থেকে নিজ দেহরক্ষী এবং প্যারিস ভিত্তিক সহযোগীকে মোট তিন লাখ ৪০ হাজার ইউরো বেতন দিয়েছেন তিনি। তাদেরকে ইইউ সংসদের সহযোগী হিসেবে দেখিয়ে এ বেতন দেয়া হয়েছে।

কিন্তু ইইউ সংসদের বিধি অনুযায়ী, কর্মী হিসেবে বিবেচিত হতে হলে কর্মস্থলে দৈহিক ভাবে সংসদীয় কর্মস্থলে উপস্থিত থাকতে হবে। ব্রাসেলসে, স্ট্রাসবুর্গ এবং লুক্সেমবার্গের ইউরোপীয় ইউনিয়নের দফতর রয়েছে এবং তিনটির যে কোনো একটিকে কর্মরত থাকলেও তাকে কর্মী হিসেবে বিবেচনা করা হবে।

ইউরোপীয় জালিয়াত বিরোধী দফতর বা ওল্যাফ বলেছে, লে পেনকে এ অর্থ ফেরৎ দিতে হবে। ইউরোপীয় ইউনিয়নের তহবিল অপব্যবহার করেন নি বলে ৪৮ বছর বয়সী লে পেন দাবি করা সত্ত্বেও অর্থ ফেরৎ দেয়ার জন্য চাপ দেয়া হচ্ছে।

ফরাসি প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে লে পেনের জনপ্রিয়তা তুঙ্গে রয়েছে। পুলিশের তদন্ত নাকচ করে দিয়ে তিনি দাবি করছেন নির্বাচনে তার জনপ্রিয়তা ক্ষুণ্ণ করার লক্ষ্যে এ পদক্ষেপ নেয়া হয়েছে।

পার্সটুডে/মূসা রেজা/২১