মধ্যপ্রাচ্যে প্রথম এফ-৩৫ মোতায়েন করতে যাচ্ছে আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i33628-মধ্যপ্রাচ্যে_প্রথম_এফ_৩৫_মোতায়েন_করতে_যাচ্ছে_আমেরিকা
মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো অত্যাধুনিক এফ-৩৫ জঙ্গিবিমান মোতায়েন করার কথা বিবেচনা করছে আমেরিকা। উগ্র জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের বিরুদ্ধে যুদ্ধ করার অজুহাতে কাতারে এই জঙ্গিবিমান মোতায়েন করা হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২৭, ২০১৭ ০৩:০৬ Asia/Dhaka
  • এফ-৩৫ জঙ্গিবিমান
    এফ-৩৫ জঙ্গিবিমান

মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো অত্যাধুনিক এফ-৩৫ জঙ্গিবিমান মোতায়েন করার কথা বিবেচনা করছে আমেরিকা। উগ্র জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের বিরুদ্ধে যুদ্ধ করার অজুহাতে কাতারে এই জঙ্গিবিমান মোতায়েন করা হবে।

মার্কিন বিমান বাহিনী এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা না করলেও বলেছে, ‘অদূর ভবিষ্যতে’ এই জঙ্গিবিমান মোতায়েন করা হবে।  ওয়াশিংটন ডিসিতে এক সংবাদ সম্মেলনে মার্কিন বিমান বাহিনীর শীর্ষস্থানীয় কমান্ডার- জেনারেল হারবার্ট জে. কারলায়েল  বলেছেন, নয়া এই জঙ্গিবিমানকে প্রথমবারের মতো যুদ্ধের কাজে ব্যবহারের কথা বিবেচনা করছে তার বাহিনী।

আমেরিকার এই চার-তারকা জেনারেল বলেন, কাতারে মার্কিন বিমান ঘাঁটি আল-আদিদে এই জঙ্গিবিমান মোতায়েনের সমূহ সম্ভাবনা রয়েছে। এর আগে এফ-২২ বিমান যে ধরনের হামলার কাজে ব্যবহৃত হয়েছে এফ-৩৫কেও সে ধরনের কাজে ব্যবহার করা হবে বলে তিনি জানান।

ইরাক ও সিরিয়ায় দায়েশের বিরুদ্ধে হামলার কাজে এরইমধ্যে আমেরিকা এফ-২২ জঙ্গিবিমান ব্যবহার করেছে।

হারবার্ট জে. কারলায়েল

জেনারেল কারলায়েল জানিয়েছেন, আসন্ন বসন্তে যাতে এই জঙ্গিবিমান মধ্যপ্রাচ্যে পাঠানো যায় সেজন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হচ্ছে। মধ্যপ্রাচ্যের পাশাপাশি কিছু এফ-৩৫ জঙ্গিবিমান প্রথমবারের মতো ইউরোপ এবং এশিয়া-প্রশান্তমহাসাগরীয় অঞ্চলেও পাঠানো হবে বলে তিনি জানান।

কাতারের আল-আদিদ ঘাঁটিতে বর্তমানে প্রায় ১০০ মার্কিন জঙ্গিবিমান ও ৪,০০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে।  ২০০৩ সালে ইরাকে হামলা চালানোর কাজে এবং ২০০১ সালে আফগানিস্তানে তালেবান বিরোধী হামলায় এই ঘাঁটি ব্যবহার করেছে আমেরিকা।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৭