পাকিস্তান বিরোধী দৃষ্টিভঙ্গি বাদ দিন: কাবুলকে ইসলামাবাদ
আফগানিস্তানকে পাকিস্তান বিরোধী দৃষ্টিভঙ্গি বাদ দেয়ার আহ্বান জানিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এ আহ্বান জানান পাক সেনাবাহিনীর জনসংযোগ পরিদফতর আইএসপিআর’এর প্রধান মেজর জেনারেল আসিফ গাফুর।
সাম্প্রতিক ধারাবাহিক সহিংসতার ঘটনাবলীকে কেন্দ্র করে পাকিস্তান যখন সন্ত্রাসবাদ বিরোধী রাদউল ফাসাদ নামের অভিযান শুরু করেছে তখন এ আহ্বান জানান হলো।
সন্ত্রাসবাদ বিরোধী অভিযানে পাকিস্তান এবং আফগানিস্তানকে রাজনৈতিক ভাবে সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন জেনারেল গাফুর। তিনি বলেন, আফগানিস্তানে পাকিস্তান বিরোধী সন্ত্রাসী তৎপরতার পরিকল্পনা করা হয় বলার মানে এই নয় যে সব আফগান এ জাতীয় তৎপরতায় জড়িত হতে চায়। আফগানিস্তানের মানুষ সন্ত্রাসবাদের শিকার এবং এ ক্ষেত্রে তারা বিশাল আত্মত্যাগ স্বীকার করেছেন বলেও জানান তিনি।
ভিন্ন দেশের সঙ্গে সন্ত্রাসবাদের যোগসাজশের বিষয়টি বাদ দেয়া যায় না উল্লেখ করে তিনি আরো বলেন, নানা শক্তির রণাঙ্গনে পরিণত হয়েছে আফগানিস্তান।
আফগানিস্তানের জন্য কী ভাল, সে বিষয়টি পাকিস্তান বিরোধী দৃষ্টিভঙ্গি থেকে নয় বরং আফগান দৃষ্টিভঙ্গি দিয়ে যাচাই করার আহ্বানও জানান তিনি। তিনি বলেন, আফগান দৃষ্টিভঙ্গি দিয়ে নিজ দেশের নিরাপত্তা পরিস্থিতি কাবুলের যাচাই করা উচিত, পাকিস্তান বিরোধী দৃষ্টিভঙ্গি দিয়ে নয়।
তিনি আরো বলেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্কের বিষয়টি যতক্ষণ পর্যন্ত নিজ দৃষ্টিভঙ্গি দিয়ে আফগানিস্তান না দেখবে ততক্ষণ পর্যন্ত সন্ত্রাসী ঘটনা ঘটতে থাকবে।#
পার্সটুডে/মূসা রেজা/১