আমেরিকাকে ‘চড়া মূল্য’ দিতে হবে: উত্তর কোরিয়া
https://parstoday.ir/bn/news/world-i33966-আমেরিকাকে_চড়া_মূল্য’_দিতে_হবে_উত্তর_কোরিয়া
আমেরিকা যদি আবার সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকদের তালিকায় উত্তর কোরিয়াকে অন্তর্ভুক্ত করে তাহলে ওয়াশিংটনকে ‘চড়া মূল্য’ দিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে পিয়ংইয়ং।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মার্চ ০৫, ২০১৭ ০৭:১২ Asia/Dhaka
  • উত্তর কোরিয়ার নেতা কিম জং উন
    উত্তর কোরিয়ার নেতা কিম জং উন

আমেরিকা যদি আবার সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকদের তালিকায় উত্তর কোরিয়াকে অন্তর্ভুক্ত করে তাহলে ওয়াশিংটনকে ‘চড়া মূল্য’ দিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে পিয়ংইয়ং।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এক বিবৃতিতে বলেছে, উত্তর কোরিয়ার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করলে আমেরিকাকে কতখানি চড়া মূল্য দিতে হবে তা ওয়াশিংটনের ভালো করেই জানা আছে।

১৯৯৮ সালে দক্ষিণ কোরিয়ার একটি যাত্রীবাহী বিমানে বোমা পেতে রাখার অভিযোগে উত্তর কোরিয়াকে ‘সন্ত্রাসবাদের সমর্থক’ দেশগুলোর কালো তালিকায় অন্তর্ভুক্ত করে আমেরিকা।  তবে ২০০৮ সালে ওই তালিকা থেকে পিয়ংইয়ং’র নাম মুছে ফেলা হয়।

কিন্তু এবার মালয়েশিয়ায় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সৎ ভাইয়ের নিহত হওয়াকে কেন্দ্র করে ওয়াশিংটন আবার পিয়ংইয়ংকে  ওই তালিকায় অন্তর্ভুক্ত করতে পারে বলে খবর বেরিয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর দিয়েছে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহ্যাপ।

কিম জং-ন্যাম (ফাইল ছবি)

গত মাসে  কুয়ালালামপুর বিমানবন্দরে মুখমণ্ডলে বিষাক্ত পদার্থের আক্রমণে নিহত হন কিম জং-উনের সৎভাই কিম জং-ন্যাম।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকার পক্ষ থেকে যথেচ্ছভাবে অন্য দেশকে নিগৃহীত বা কলঙ্কিত করার দিন শেষ হয়ে গেছে। এতে আরো বলা হয়েছে, দেশটিকে কালো তালিকায় অন্তর্ভুক্ত করা হলে তাকে পিয়ংইয়ংয়ের প্রতি ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর মার্কিন প্রচেষ্টা হিসেবে দেখবে উত্তর কোরিয়া।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৫