নথির সত্যতা স্বীকার করে নি কিন্তু ফাঁসের তদন্তে নেমেছে সিআইএ
অনুসন্ধানী ওয়েবসাইট উইকিলিকস মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র হ্যাকিং কৌশল ফাঁস করে দেয়ার পর এ নিয়ে তদন্ত শুরু করেছে দেশটির গোয়েন্দা সংস্থাগুলো।
অবশ্য প্রকাশিত নথিগুলো সত্যতা সম্পর্ক এখনো কোনো মন্তব্য করে নি মার্কিন প্রশাসন। কিন্তু ফাঁস হওয়ার ঘটনা নিয়ে তদন্ত শুরু করায় এ সব নথির সত্যতা সম্পর্কে আর কোনো সন্দেহের অবকাশ থাকছে না বলে ধরে নেয়া হচ্ছে।
মার্কিন অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা এফবিআই এবং সিআইএ সমন্বয়ের ভিত্তিতে এ তদন্ত শুরু করেছে। উইকিলিকসের কাছে গোপন তথ্য যোগানোর উৎস চিহ্নিত করাই তদন্তের প্রধান উদ্দেশ্য।
এদিকে, সরকারি একটি সূত্র থেকে জানানো হয়েছে, সিআইএ ঠিকাদারদের প্রধান সন্দেহভাজন হিসেবে বিবেচনা করা হচ্ছে। উইকিলিকস প্রায় ৯০০০ হাজার গোপন নথি প্রকাশ করেছে। এতে সিআইএ সাইবার হামলা চালাতে কী কৌশল গ্রহণ করে তা ফাঁস করে দেয়া হয়েছে। ইন্টারনেট সুবিধাসংবলিত স্মার্ট টিভি থেকে শুরু করে গাড়ি পর্যন্ত যে কোনো ইলেকট্রনিকস যন্ত্রে সাইবার হামলা চালাতে এসব কৌশল গ্রহণ করে সিআইএ। এসব কৌশলের অংশ হিসেবে ম্যালওয়ারও ব্যবহার করা হয়।
হ্যাকিং কৌশল ফাঁস করে দেয়ার পর সিআইএ’র গোয়েন্দা কর্মকর্তারা শক্রপক্ষের হামলার আতঙ্কে পড়েছেন।
তারা মনে করছেন, সর্বশেষ ফাঁসের এ ঘটনায় সিআইএ’র চলমান সাইবার গোয়েন্দা তৎপরতাই কেবল বিপদে পড়বে না; বরং ইচ্ছা করলে এ ব্যবস্থা আমেরিকার বিরুদ্ধে প্রয়োগ করতেও পারবে শত্রুরা।#
পার্সটুডে/মূসা রেজা/৯