‘আফগান অভিযানের বিষয়ে নতুন কৌশল নিয়ে ভাবছে আমেরিকা’
-
জেনারেল জোসেফ লিওনার্দ ভোটেল
মার্কিন কেন্দ্রীয় কমান্ডের প্রধান জেনারেল জোসেফ লিওনার্দ ভোটেল জানিয়েছেন, আফগানিস্তানে নতুন করে পদাতিক সেনা পাঠানোর চিন্তা করছে ওয়াশিংটন। দেশটিতে তালেবানের তৎপরতা জোরদার হওয়ার প্রেক্ষাপটে এ চিন্তা করা হচ্ছে বলে জানান তিনি।
মার্কিন সিনেটের আর্মড সার্ভিসেস কমিটির শুনানিতে বৃহস্পতিবার তিনি এ কথা জানান। জেনারেল ভোটেল বলেন, আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন সামরিক অভিযানের বিষয়ে নতুন কৌশল নিয়ে তিনি কাজ করছেন। শুনানিতে তিনি বলেন, “নতুন কৌশল বাস্তবায়ন করতে গেলে আফগানিস্তানে আরো সেনা পাঠানোর প্রয়োজন হবে বলে আমি মনে করি। এতে পরামর্শ ও সহযোগিতা মিশন অনেক বেশি কার্যকরী হয়ে উঠবে।”
জেনারেল ভোটেল জানান, আফগানিস্তানে আরো সেনা পাঠানোর বিষয়ে এ মুহূর্তে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেনারেল জিম ম্যাটিস ও সামরিক বাহিনীর মধ্যে আলোচনা চলছে।
এর আগে, আফগানিস্তানে মোতায়েন ন্যাটো বাহিনীর প্রধান জেনারেল জন নিকোলসন গত মাসে বলেছেন, আফগানিস্তানের অচলাবস্থা নিরসনের জন্য কয়েক হাজার সেনা প্রয়োজন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৯