‘সিরিয়ায় আরো ১,০০০ সেনা মোতায়েন করবে আমেরিকা’
-
সিরিয়ায় অতিরিক্ত সেনা পাঠানোর বিষয়টি বর্তমানে প্রেসিডেন্ট ট্রাম্প (বামে) ও প্রতিরক্ষামন্ত্রী ম্যাটিসের (ডানে) বিবেচনাধীন রয়েছে
মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, সিরিয়ার উত্তরাঞ্চলে আরো প্রায় ১,০০০ সেনা মোতায়েন করতে যাচ্ছে দেশটি। ট্রাম্প প্রশাসন সিরিয়ায় আরো হাজার হাজার সেনা মোতায়েন করতে যাচ্ছে বলে খবর বের হওয়ার পর পেন্টাগন এ তথ্য জানাল।
পেন্টাগনের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, তাদের পক্ষ থেকে সিরিয়ায় সেনা পাঠানোর এ পরিকল্পনা এখনো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস অনুমোদন করেননি। তবে তিনি বলেন, এটি হচ্ছে আলোচনার জন্য প্রেসিডেন্টের কাছে পাঠানো অন্যতম প্রস্তাব।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সিরিয়ায় বর্তমানে মার্কিন বিশেষ অভিযান পরিচালনাকারী বাহিনীর ৮০০ থেকে ৯০০ সেনা রয়েছে। তবে পেন্টাগন দাবি করেছে, এসব সেনা প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি দায়েশসহ অন্যান্য জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধে কুর্দি যোদ্ধাদেরকে সহযোগিতা করছে।
বিভিন্ন সূত্র বলছে, সিরিয়ায় আরো হাজার হাজার সেনা পাঠানোর জন্য ট্রাম্প প্রশাসনকে রাজি করানোর জন্য পেন্টাগন চেষ্টা করে যাচ্ছে। এর আগে মধ্যপ্রাচ্যে নিযুক্ত মার্কিন বাহিনীর কমান্ডার জেনারেল জোসেফ এল. ভোটেল গত মাসে বলেছিলেন, সিরিয়ায় দায়েশ সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে আরো বেশি মার্কিন সেনা প্রয়োজন হতে পারে। #
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৬