তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির বিরুদ্ধে আমেরিকাকে হুঁশিয়ারি দিল চীন
চীন তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির বিষয়ে আমেরিকাকে হুঁশিয়ারি দিয়েছে। ওয়াশিংটন তাইওয়ানে অত্যাধুনিক অস্ত্রের বিশাল চালান পাঠানোর কথা ভাবছে বলে খবর প্রকাশিত হওয়ার পর এ হুঁশিয়ারি উচ্চারণ করল বেইজিং।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং আজ বলেন, তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির বিষয়ে বেইজিং কঠোর বিরোধিতা অব্যাহত রেখেছে। তিনি বলেন, এ ধরণের অস্ত্র বিক্রির মারাত্মক পরিণতি সম্পর্কে আমেরিকা পুরোপুরি অবহিত বলে প্রত্যাশা করছে চীন।
ওয়াশিংটনকে এক চীন নীতি মেনে চলার এবং তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি না করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, চীন-মার্কিন সম্পর্ক এবং তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এ নীতি মেনে চলতে হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার তাইওয়ানের কাছে ব্যাপক সংখ্যক অস্ত্র বিক্রির প্রস্তুতি নিচ্ছে বলে খবর প্রকাশিত হওয়ার পর এ প্রতিক্রিয়া জানাল চীন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের বেইজিং সফরের একদিন পরই অস্ত্র বিক্রির খবর প্রকাশিত হয়।#
পার্সটুডে/মূসা রেজা/২০