পাকিস্তানের পরমাণু শক্তি আঞ্চলিক শান্তি নিশ্চিত করবে: প্রেসিডেন্ট মামনুন
পাকিস্তানের প্রেসিডেন্ট মামুনন হোসেইন আজ (বৃহস্পতিবার) বলেছেন, দেশটির পরমাণু শক্তি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করবে।
রাজধানী ইসলামাবাদে পাকিস্তান দিবস উপলক্ষে দেয়া ভাষণে এ কথা বলেন তিনি। ভারতের সঙ্গে সংলাপে পাকিস্তান প্রস্তুত রয়েছে বলেও ঘোষণা করেন মামনুন হোসেইন। একইসঙ্গে জাতিসংঘ প্রস্তাবের ভিত্তিতে কাশ্মির সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন তিনি।
উপমহাদেশে মুসলমানদের স্বতন্ত্র বাসভূমি প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৪০ সালের এ দিনে লাহোর প্রস্তাব গ্রহণ করা হয়েছিল। এর ফলে পাকিস্তানের জন্ম হয়। এ দিনকে পাকিস্তানে ‘পাকিস্তান দিবস’ হিসেবে পালন করা হয়।
পাকিস্তানিরা আজ ৭৭তম পাকিস্তান দিবস পালন করেছে। রাজধানী ইসলামাবাদে পাকিস্তান দিবসের কুচকাওয়াজে চীন ও সৌদি আরবের সেনাবাহিনী এবং তুরস্কের সামরিক বাহিনীর বাদক দল অংশ গ্রহণ করে। তুর্কি বাদক দল ‘মেহতার’ ১২৯৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি বিশ্বের অন্যতম পুরানো বাদক দল। কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে সালাম গ্রহণ করেন পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হোসেইন।
ইসলামাবাদের কুচকাওয়াজ অনুষ্ঠানে অতিথি হিসেবে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াসহ তিন বাহিনীর প্রধান এবং প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কুচকাওয়াজে পাক সেনাবাহিনীর ট্যাংক 'আল খালিদ' ও 'আস জাররার' এবং 'বাবর' ক্ষেপনাস্ত্রসহ নানা অস্ত্র প্রদর্শন করা হয়েছে। এ ছাড়া, পাক বিমান বাহিনীর 'জেএফ-১৭ থান্ডার'-সহ বিভিন্ন যুদ্ধবিমান এতে অংশ নেয়।#
পার্সটুডে/মূসা রেজা/২৩