ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরো কঠোর করতে বিল আনল মার্কিন কংগ্রেস
https://parstoday.ir/bn/news/world-i34976-ইরানের_বিরুদ্ধে_নিষেধাজ্ঞা_আরো_কঠোর_করতে_বিল_আনল_মার্কিন_কংগ্রেস
ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরো কঠোর করার লক্ষ্যে একটি বিল যৌথভাবে মার্কিন কংগ্রেসে উত্থাপন করেছে রিপাবলিকান এবং ডেমোক্র্যাটিক দলের ১৪ সিনেটর । ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষাসহ অন্যান্য অ-পারমাণবিক তৎপরতাকে কেন্দ্র করে এ বিল আনা হয়েছে। বৃহস্পতিবার এ বিল উত্থাপন করা হয়েছে।
(last modified 2026-09-23T13:48:56+00:00 )
মার্চ ২৪, ২০১৭ ০৬:৪৫ Asia/Dhaka
  • ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরো কঠোর করতে বিল আনল মার্কিন কংগ্রেস

ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরো কঠোর করার লক্ষ্যে একটি বিল যৌথভাবে মার্কিন কংগ্রেসে উত্থাপন করেছে রিপাবলিকান এবং ডেমোক্র্যাটিক দলের ১৪ সিনেটর । ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষাসহ অন্যান্য অ-পারমাণবিক তৎপরতাকে কেন্দ্র করে এ বিল আনা হয়েছে। বৃহস্পতিবার এ বিল উত্থাপন করা হয়েছে।

১৪ সিনেটরের এ গোষ্ঠীতে মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির প্রবীণ সদস্যরাও রয়েছেন। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে জড়িত যে কারো বিরুদ্ধে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব  করা হয়েছে এ বিলে। এ ছাড়া, এদের সঙ্গে যারা ব্যবসা করবে তাদের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কথাও এতে বলা হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র ইহুদিবাদী ইসরাইলের শক্তিশালী লবিং গোষ্ঠী আমেরিকান-ইসরাইল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি বা এআইপিএসি’র সম্মেলন রোববারে অনুষ্ঠিত হবে। তার আগে এ নিষেধাজ্ঞা কার্যকর করা হবে বলে ধারণা করা হচ্ছে। ইরান সব সময় বলে আসছে, ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুরোপুরি প্রতিরক্ষামূলক। 

আমেরিকা দাবি করছে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা জাতিসংঘের ২২৩১ প্রস্তাবকে লঙ্ঘন করেছে। এ প্রস্তাবে ইরানের পরমাণু সমঝোতাকে অনুমোদন করেছে জাতিসংঘ।

কিন্তু তেহরান বারবার বলছে, ক্ষেপণাস্ত্র পরীক্ষার মধ্য দিয়ে জাতিসংঘ প্রস্তাব লঙ্ঘন করা হয় নি। শুধুমাত্র প্রতিরক্ষার প্রয়োজনে এসব ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছে এবং এতে পরমাণু অস্ত্র বহনের কোনো ব্যবস্থা রাখা হয় নি।#

পার্সটুডে/মূসা রেজা/২৪