কাশ্মির নিয়ে বক্তব্য: পাকিস্তানকে কূটনৈতিক শিষ্টাচার মেনে চলার পরামর্শ ভারতের
পাকিস্তানকে কূটনৈতিক আচরণ মেনে চলার পরামর্শ দিয়েছে ভারত। পাশাপাশি পাকিস্তানের ভূখণ্ড থেকে সৃষ্ট সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণেরও আহ্বান জানানো হয়েছে।
নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার আবদুল বাসিত পাকিস্তান দিবসের ভাষণে কাশ্মির ইস্যুতে কথা বলার পরিপ্রেক্ষিতে এ আহ্বান জানানো হয়। গতকাল পাকিস্তান দিবস পালন করা হয়েছে। পাক হাইকমিশনের বিবৃতিতে বলা হয়, জম্মু ও কাশ্মির বিরোধসহ সব ইস্যু ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করতে চায় পাকিস্তান।
তার এ বক্তব্যকে কেন্দ্র করে বিবৃতি দেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গোপাল বাগলে। তিনি বলেন, জম্মু- কাশ্মির নিয়ে পাকিস্তান হাই কমিশনারের বক্তব্যের ভিত্তিতে প্রকাশিত সংবাদ ভারতের নজরে এসেছে। এ বক্তব্যে কূটনৈতিক সৌজন্য রক্ষা করা হয়নি উল্লেখ করে বিবৃতিতে আরো বলা হয়, এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সামিল।
এছাড়া, পাকিস্তানের ভূখণ্ড থেকে সৃষ্ট সন্ত্রাসবাদ পাকিস্তানের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সম্পর্কের এবং গোটা অঞ্চলের পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে বলেও বিবৃতিতে দাবি করা হয়। পাশাপাশি এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকতেও পাকিস্তানকে পরামর্শ দেয়া হয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/২৪