দ্রুত রাকা মুক্ত করার আশাবাদ বাস্তবতা বিবর্জিত: রাশিয়া
-
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেঙ্কভ
মার্কিন নেতৃত্বাধীন কথিত সন্ত্রাস বিরোধী জোট অবিলম্বে দায়েশের হাত থেকে সিরিয়ার রাকা শহর মুক্ত করার যে আশা ব্যক্ত করেছে তা অসম্ভব বলে উড়িয়ে দিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, সিরিয়ায় সন্ত্রাস বিরোধী যুদ্ধরত সবগুলো পক্ষের মধ্যে সমন্বিত সহযোগিতার মাধ্যমেই কেবল রাকা পুনরুদ্ধার সম্ভব।
ফরাসি প্রতিরক্ষামন্ত্রী জাঁ-ইভস লে ড্রিয়ান গত শুক্রবার দাবি করেন, রাকা শহর ঘেরাও হয়ে পড়েছে। আগামী কয়েকদিনের মধ্যে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের হাত থেকে রাকা পুনরুদ্ধারের লক্ষ্যে অভিযান শুরু হবে।
এর প্রতিক্রিয়ায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেঙ্কভ বলেছেন, লি ড্রিয়ান যে আশাবাদ ব্যক্ত করেছেন তার সঙ্গে বাস্তব পরিস্থিতির বিন্দুমাত্র সম্পর্ক নেই। তিনি আরো বলেন, “যেকোনো সমরবিদের কাছে একথা দিবালোকের মতো স্পষ্ট যে, রাকা মুক্ত করা যৌথ বাহিনীর জন্য পার্কের ভেতর দিয়ে হেঁটে যাওয়ার মতো সহজ হবে না।”
রুশ কর্মকর্তা আরো বলেন, সিরিয়ায় আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইরত সবগুলো পক্ষের মধ্যে সমন্বিত সহযোগিতার ওপর রাকা মুক্ত করার অভিযানের সময় ও সাফল্য নির্ভর করছে।
২০১৩ সালে সিরিয়ায় দায়েশের উত্থান হওয়ার পর প্রথম যেসব শহর এই তাকফিরি জঙ্গি গোষ্ঠী দখল করে রাকা সেগুলোর অন্যতম। সিরিয়ার উত্তরাঞ্চলীয় এই শহরকে দায়েশ তাদের অপারেশনাল কমান্ড হেডকোয়ার্টার হিসেবে ব্যবহার করছে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৭