সিরিয়ায় তুরস্কের 'সামরিক অভিযান' শেষ: প্রধানমন্ত্রী
-
বিনালি ইলদিরিম
তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম সিরিয়ায় তার দেশের সামরিক অভিযানের সমাপ্তি ঘোষণা করেছেন। বুধবার টেলিভিশনে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি এ ঘোষণা দেন এবং সিরিয়ায় ‘ইউফ্রেটিস শিল্ড’ অভিযানকে ‘সফল’ বলে বর্ণনা করেন।
ইলদিরিম জানান, এরপরে সিরিয়ায় নতুন করে কোনো অভিযান চালানো হলে তার জন্য আলাদা নাম রাখা হবে। সিরিয়ায় তুর্কি সেনা পাঠানোকে আঙ্কারা সামরিক অভিযান বললেও দামেস্ক একে সামরিক আগ্রাসন বলে অভিহিত করেছে।
অভিযান শেষ হওয়ার ফলে সিরিয়া থেকে তুর্কি সেনা প্রত্যাহার করা হবে কিনা সে সম্পর্কে তুরস্কের প্রধানমন্ত্রী কোনো মন্তব্য করেননি। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সভাপতিত্বে দেশটির প্রভাবশালী ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বা এনএসসি’র এক বৈঠকের পর এ ঘোষণা দিলেন ইলদিরিম।
এ ছাড়া, এনএসসি’র পক্ষ থেকে ঘোষিত এক বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা, দায়েশের হুমকি প্রতিহত করা এবং সিরিয়ার শরণার্থীদেরকে তাদের ঘরবাড়িতে ফিরিয়ে দেয়ার লক্ষ্যে ইউফ্রেটিস শিল্ড নামের যে অভিযান শুরু করা হয়েছিল তার সফল পরিসমাপ্তি ঘোষণা করা হচ্ছে।
২০১৬ সালের আগস্টে দামেস্কের অনুমতি ছাড়াই সিরিয়ার অভ্যন্তরে সেনা ও ট্যাংক পাঠায় তুরস্ক। সিরিয়া-তুর্কি সীমান্তে তৎপর দায়েশ সন্ত্রাসীদের দমন করতে ওই সেনা পাঠানোর দাবি করে আঙ্কারা। কিন্তু সিরিয়া সরকার এ ঘটনাকে দেশটির সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে বহুবার তুর্কি সেনা প্রত্যাহারের জন্য আঙ্কারার প্রতি আহ্বান জানিয়েছে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩০