‘পরমাণু হামলা করে কোটি কোটি মার্কিনীকে মেরে ফেলতে পারবে পিয়ংইয়ং’
https://parstoday.ir/bn/news/world-i35346-পরমাণু_হামলা_করে_কোটি_কোটি_মার্কিনীকে_মেরে_ফেলতে_পারবে_পিয়ংইয়ং’
পরমাণু হামলা চালিয়ে আমেরিকার কোটি কোটি মানুষ মেরে ফেলতে পারবে উত্তর কোরিয়া। মার্কিন দুই শীর্ষস্থানীয় গোয়েন্দা কর্মকর্তা এ দাবি করেছেন। তারা আরো বলেছেন, এরই মধ্যে আমেরিকার মূল ভূখণ্ডে বড় মাপের পরমাণু হামলা উপযোগী প্রযুক্তি অর্জন করছে পিয়ংইয়ং।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মার্চ ৩০, ২০১৭ ১৩:২৩ Asia/Dhaka
  • ‘পরমাণু হামলা করে কোটি কোটি মার্কিনীকে মেরে ফেলতে পারবে পিয়ংইয়ং’

পরমাণু হামলা চালিয়ে আমেরিকার কোটি কোটি মানুষ মেরে ফেলতে পারবে উত্তর কোরিয়া। মার্কিন দুই শীর্ষস্থানীয় গোয়েন্দা কর্মকর্তা এ দাবি করেছেন। তারা আরো বলেছেন, এরই মধ্যে আমেরিকার মূল ভূখণ্ডে বড় মাপের পরমাণু হামলা উপযোগী প্রযুক্তি অর্জন করছে পিয়ংইয়ং।

দ্যা হিলে প্রকাশিত ‘হাউ নর্থ কোরিয়া কুড কিল ৯০ পার্সেন্ট অব আমেরিকানস’ শীর্ষক নিবন্ধে এ দাবি করেছেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র সাবেক পরিচালক জেমস উলসে এবং মার্কিন কংগ্রেসের এএমপি কমিশনের প্রধান পিটার ভিনসেন্ট প্রাই। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিদ্যুৎ-চৌম্বকীয় স্পন্দন বা ইএমপি হুমকি যাচাই করা এবং তা ঠেকানোর ব্যবস্থা নেয়ার দায়িত্ব এ কমিটির ওপর বর্তিয়েছে।

উত্তর কোরিয়া পরমাণু হামলা চালাতে পারবে না বলে মিথ্যা আশ্বাস মার্কিন জনগণকে দেয়া হয়েছে বলে এ নিবন্ধে দাবি করা হয়েছে। পরমাণু বোমাকে ক্ষেপণাস্ত্রে  স্থাপনের মতো  ছোট করার প্রযুক্তি অর্জনের নমুনা দেখাতে পারে নি উত্তর কোরিয়া; কিংবা মার্কিন নগরগুলোতে হামলার উপযোগী আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম এখনো পিয়ংইয়ং তৈরি করতে পারে নি বলে যে সব খবর দেয়া হয়েছে তাকে নিবন্ধে মিথ্যা আশ্বাস বলা হয়েছে।

উলসে এবং প্রাই আরো নিবন্ধে বলেছেন, সিআইএ’র পূর্ব এশিয়ার শীর্ষ বিশ্লেষক উত্তর কোরিয়া সম্পর্কে একটি বিশ্লেষণ করেছিল ২০০৮ সালে। এতে বলা হয়েছিল, ক্ষেপণাস্ত্র বসানোর জন্য পরমাণু বোমাকে  সফল ভাবে ছোট করতে পেরেছে পিয়ংইয়ং।

এরপর ২০১১ এবং ২০১৫ সালে প্রায় একই দাবি করেছে পৃথক পৃথক মার্কিন সংস্থা।

উত্তর কোরিয়ার সফল উপগ্রহ উৎক্ষেপণ করা এবং কথিত হাইড্রোজেন বোমা পরীক্ষার বিষয় তুলে ধরা হয় নিবন্ধে।  এতে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে, আমেরিকায় পুরোমাত্রায় গোলযোগ সৃষ্টির জন্য  যা কিছু প্রয়োজন তার সবই আছে উত্তর কোরিয়ার ।#

পার্সটুডে/মূসা রেজা/৩০