ইরান নয়, আমেরিকাই বিশ্ব-শান্তির প্রতি বৃহত্তম হুমকি: চমস্কি
https://parstoday.ir/bn/news/world-i35786-ইরান_নয়_আমেরিকাই_বিশ্ব_শান্তির_প্রতি_বৃহত্তম_হুমকি_চমস্কি
মার্কিন বিশিষ্ট চিন্তাবিদ, ভাষাতাত্ত্বিক ও বিশ্লেষক নোয়াম চমস্কি বলেছেন, বিশ্ব শান্তির প্রতি ইরান নয় বরং আমেরিকাই সবচেয়ে বড় হুমকি।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
এপ্রিল ০৭, ২০১৭ ০৮:৩১ Asia/Dhaka
  • মার্কিন বিশিষ্ট চিন্তাবিদ, ভাষাতাত্ত্বিক ও বিশ্লেষক নোয়াম চমস্কি
    মার্কিন বিশিষ্ট চিন্তাবিদ, ভাষাতাত্ত্বিক ও বিশ্লেষক নোয়াম চমস্কি

মার্কিন বিশিষ্ট চিন্তাবিদ, ভাষাতাত্ত্বিক ও বিশ্লেষক নোয়াম চমস্কি বলেছেন, বিশ্ব শান্তির প্রতি ইরান নয় বরং আমেরিকাই সবচেয়ে বড় হুমকি।

সম্প্রতি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস ইরানকে বিশ্ব শান্তির প্রতি সবচেয়ে বড় হুমকি বলে অভিহিত করে যে বক্তব্য রেখেছেন তার জবাবে এই মন্তব্য করলেন চমস্কি।

তিনি বলেছেন, ‘মার্কিন গ্যালাপ পোলের জরিপ অনুযায়ী বিশ্ববাসী মনে করে বিশ্ব শান্তির প্রতি আমেরিকাই সবচেয়ে বড় হুমকি। আর এক্ষেত্রে পাকিস্তান  দ্বিতীয় হলেও দেশটি মার্কিন সরকারের চেয়ে অনেক কম হুমকি; অন্যদিকে এই জরিপে ইরানের হুমকির বিষয়টি খুব কমই উল্লেখ করা হয়েছে।’  

গত ৪ এপ্রিল লন্ডনে এইসব মন্তব্য করেছেন চমস্কি।

সম্প্রতি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ম্যাটিস লন্ডনে বলেছিলেন, ইরান এখনও সন্ত্রাসবাদ রপ্তানিকারকের মত আচরণ করছে এবং সশস্ত্র তৎপরতায় মদদ দিচ্ছে।

ম্যাটিস ২০১২ সালেও বলেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্র প্রথমেই যে তিন হুমকির মুখোমুখি তা হলো, ‘ইরান, ইরান, ইরান’। সাংবাদিকরা তার ওই মন্তব্যের কথা স্মরণ করিয়ে দিলে তিনি বলেন, সেই থেকে ইরানের আচরণ এখনও বদলায়নি।

চমস্কি আরও বলেছেন, গোয়েন্দা সংস্থাগুলোর নিয়মিত প্রতিবেদনগুলো থেকেও বোঝা যায় যে ইরানকে সন্ত্রাসের মদদদাতা বলাটা কতটা বানোয়াট। তিনি এ প্রসঙ্গে বলেছেন, ‘তারা তথা গোয়েন্দা সংস্থাগুলোই বলছে, ইরানের সামরিক ব্যয় খুবই কম; এমনকি তা আঞ্চলিক স্ট্যান্ডার্ডগুলোরও অনেক নীচে রয়েছে। ইরানের সামরিক ব্যয় সৌদি আরব, ইসরাইল ও অন্যান্যদের চেয়েও অনেক কম। ইরানের সামরিক কৌশল প্রতিরক্ষামূলক। ... ইরানিরা যদি পরমাণু বোমা তৈরির চেষ্টা করেও থাকে- যা আমরা জানি না- তাও তাদের প্রতিরোধ-কৌশলের অংশ। কিন্তু মার্কিন সরকার ও ইসরাইল ইরানের ওপর বল-প্রয়োগ করতে চায় বলেই ইরানিদের সম্ভাব্য প্রতিরোধ-কৌশলের বিষয়ে খুব বেশি উদ্বিগ্ন। আর এ কারণেই তারা ইরানকে বিশ্ব-শান্তির প্রতি সবচেয়ে বড় হুমকি বলে উল্লেখ করছে।’  

গত মার্চ মাসে মার্কিন জেনারেল জোসেফ ভোটেলও ইরানের বিরুদ্ধে  তার দেশের প্রচারণা যুদ্ধ জোরদারের অভিযানে অংশ নিয়ে  বলেছেন, ইরান মধ্যপ্রাচ্যে শান্তির বিরুদ্ধে দীর্ঘ মেয়াদের সবচেয়ে বড় হুমকি। তিনি ইরানের ওপর হামলার হুমকি দিয়ে বলেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থার সুযোগগুলো খোঁজা আমাদের জন্য জরুরি। #

পার্সটুডে/মু.আ.হুসাইন/৭