কথা হবে না মার হবে: সিরিয়ায় হামলাকে কেন্দ্র করে বলল রাশিয়া
রাশিয়ার সংসদের নিম্নকক্ষ দুমার প্রতিরক্ষা কমিটির উপ-প্রধান ইউরি শেভিতকিন আজ (মঙ্গলবার) বলেছেন, সিরিয়ায় অবস্থিত রুশ সামরিক স্থাপনায় হামলার দুঃসাহস কেউ দেখালে কোনো কথা হবে না কেবল মার হবে। রুশ সংবাদ সংস্থা স্পুতনিককে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
সিরিয়ার একটি বিমান ঘাঁটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে দেশটির রুশ ঘাঁটিগুলোতে যেসব পদক্ষেপ নেয়া হয়েছে তাকে পর্যাপ্ত বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, আন্তর্জাতিক আইনের আওতায় সিরিয়ার সেনাবাহিনী যাতে প্রতিক্রিয়া দেখাতে পারে সে বিষয়েও রাশিয়া ব্যবস্থা নিয়েছে এবং এ ব্যবস্থাকেও পর্যাপ্ত বলা যায়।
এদিকে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, সিরিয়ায় মোতায়েন রুশ বিমান বাহিনীকে রক্ষার জন্য এস-৪০০ এবং পানতসির এস-১ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। এ ব্যবস্থা দিনরাত ২৪ ঘণ্টা কাজ করছে বলে জানানো হয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/১১