কৌশলগত ধৈর্য ধরার দিন শেষ: উ. কোরিয়াকে হুমকি দিলেন পেন্স
দক্ষিণ কোরিয়া সফররত মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, পিয়ংইয়ং-এর প্রতি কৌশলগত ধৈর্য ধরার দিন শেষ হয়ে গেছে। উত্তর কোরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে সব ধরনের পথ খোলা রয়েছে বলেও জানান তিনি।
উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে চার কিলোমিটার চওড়া ডি-মিলিটারাইজড জোন পরিদর্শনের সময় এ কথা বলেন পেন্স। এ সীমান্তে ব্যাপকভাবে মাইন পাতা রয়েছে।
আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার মধ্যে ঐতিহাসিক ও লৌহ দৃঢ় সম্পর্কের প্রশংসা করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। পাশাপাশি কোরিয়া সমস্যার সামরিক সমাধানের কথাও নাকচ করে দেননি তিনি।
মাইক পেন্স বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়টি অত্যন্ত পরিষ্কার করে দিয়েছেন যে, আমেরিকা ও তার এ অঞ্চলের মিত্ররা ধৈর্যের শেষে প্রাপ্তে পৌঁছে গেছে। এবারে তারা পরিবর্তন চায়। সাংবাদিকদের তিনি আরো বলেন, উত্তর কোরিয়া পরমাণু বোমা তৈরির পথ ত্যাগ করুক তাই চায় আমেরিকা। এ ছাড়া পিয়ংইয়ং-এর অব্যাহত ক্ষেপণাস্ত্র পরীক্ষা গ্রহণযোগ্য নয় বলেও জানান তিনি।
উত্তর কোরিয়া নতুন করে একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করার মাত্র এক দিন পরই এ বক্তব্য দিলেন পেন্স। অবশ্য উত্তর কোরিয়ার এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছে সিউল।#
পার্সটুডে/মূসা রেজা/মুজাহিদুল ইসলাম/১৭