উত্তর কোরিয়ার জন্য কোনো ‘রেড-লাইন’ নেই: আমেরিকা
-
হোয়াইট হাউজের প্রেস সচিব সিন
আমেরিকা ঘোষণা করেছে, উত্তর কোরিয়ার জন্য কোনো ‘রেড-লাইন’ নির্ধারণ করেনি ওয়াশিংটন। হোয়াইট হাউজের প্রেস সচিব সিন স্পাইসার সোমবার এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি বলেন, অতীতে রেড-লাইন নির্ধারণ করে দিয়ে সুফল পাওয়া যায়নি। তিনি আরো বলেন, পিয়ংইয়ং-এর বিরুদ্ধে মার্কিন সরকার কি পদক্ষেপ নেয়ার পরিকল্পনা করেছে তা তিনি ফাঁস করে দিতে চান না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার ব্যাপারে নিজেকে পুরোপুরি প্রস্তুত রেখেছেন বলেও দাবি করেন স্পাইসার।
এদিকে সোমবার দুই কোরিয়ার মধ্যবর্তী ডি-মিলিটারাইজড জোন বা ডিএমজেড সফরে গিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে তার দেশের ‘ইস্পাত-কঠিন জোট’ রয়েছে। এ ছাড়া, ওয়াশিংটন শক্তিমত্তা বজায় রেখে কোরিয় উপদ্বীপে স্থিতিশীলতা রক্ষা করবে বলে তিনি উল্লেখ করেন।
পেন্স পিয়ংইয়ংকে সতর্ক করে দিয়ে বলেন, দক্ষিণ কোরিয়ার জনগণের সঙ্গে কাঁধে কাঁধ রেখে দাঁড়ানোর পরিকল্পনায় অটল থাকবে আমেরিকা। এজন্য উত্তর কোরিয়ার বিরুদ্ধে যেকোনো ব্যবস্থা নেয়ার পথ খোলা রেখেছে ওয়াশিংটন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৮