কোরিয় উপদ্বীপের কাছে মোতায়েন হচ্ছে মার্কিন আরো দুই বিমানবাহী রণতরী!
-
ইউএসএস রোনাল্ড রিগ্যান
আমেরিকা কোরিয় উপদ্বীপের কাছে আরো দুই বিমানবাহী রণতরী পাঠাবে বলে একটি খবরে দাবি করা হয়েছে। এর আগে মার্কিন বিমানবাহী রণতরী কার্ল ভেনসনকে কোরিয় উপসাগরের কাছে মোতায়েনে নির্দেশ দেয়া হয়েছে।
উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচির লাগাম টানার এবং দেশটির নেতা কিম জং-উনকে সংযত আচরণ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করার পর এ খবর প্রকাশিত হলো।
দক্ষিণ কোরিয়ার ইয়োনহ্যাপ সংবাদ সংস্থার খবরে দাবি করা হয়েছে যে এ মোতায়েনকে জোরদার করতে বিমানবাহী রণতরী ইউএসএস রোনাল্ড রিগ্যান এবং ইউএসএস নিমিতজকে আগামী সপ্তাহে জাপান সাগরে পাঠানো হবে।
বিমানবাহী রণতরী ইউএসএস রোনাল্ড রিগ্যান বর্তমানে জাপানের ইকোসুকাতে রয়েছে। অন্যদিকে মোতায়েনের আগে ওরেগন অঙ্গরাজ্যে ইউএসএস নিমিতজের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে।
কার্ল ভিনসনের মতোই উভয় বিমানবাহী রণতরী লম্বায় এক হাজার ফুটের বেশি এবং ৯০টির বেশি করে বিমান বহন করতে পারে।
উত্তর কোরিয়া বিশাল কুচকাওয়াজের আয়োজন করার কদিনের মধ্যেই আরো মার্কিন দুই বিমানবাহী রণতরী মোতায়েনের কথা শোনা যাচ্ছে। উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা দাতা কিম ইল সুংয়ের ১০৫তম জন্মবার্ষিকী উপলক্ষে এ কুচকাওয়াজের আয়োজন করা হয়েছিল। এ ছাড়া, ষষ্ঠ দফা পরমাণু বোমা পরীক্ষা দিকে পিয়ংইয়ং এগিয়ে চলেছে বলে ব্যাপক জল্পনা-কল্পনা চলছে।#
পার্সটুডে/মূসা রেজা/১৯