আমেরিকা ইয়েমেন সংকটের রাজনৈতিক সমাধান চায়: পেন্টাগন প্রধান
https://parstoday.ir/bn/news/world-i36454-আমেরিকা_ইয়েমেন_সংকটের_রাজনৈতিক_সমাধান_চায়_পেন্টাগন_প্রধান
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস বলেছেন, জাতিসংঘের মধ্যস্থতায় শান্তি আলোচনার মাধ্যমে ‘যতদ্রুত সম্ভব’ ইয়েমেনের চলমান সংঘাতের অবসান ঘটাতে হবে। সৌদি আরব সফরে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এ আহ্বান জানান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১৯, ২০১৭ ০২:০৯ Asia/Dhaka
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস
    মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস বলেছেন, জাতিসংঘের মধ্যস্থতায় শান্তি আলোচনার মাধ্যমে ‘যতদ্রুত সম্ভব’ ইয়েমেনের চলমান সংঘাতের অবসান ঘটাতে হবে। সৌদি আরব সফরে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এ আহ্বান জানান।

ম্যাটিস বলেন, জাতিসংঘের উদ্যোগে একদল আলোচকের হাতে ইয়েমেন সংকট সমাধানের দায়িত্ব তুলে দেয়া হোক যারা রাজনৈতিক সংলাপের মাধ্যমে  অবিলম্বে এ সংকটের একটি সমাধান বের করবেন। পেন্টাগনের প্রধান বলেন, বিষয়টিকে যাতে আলোচনার টেবিলে নিয়ে যাওয়া যায় সেজন্য তিনি আমেরিকার মিত্রদের সঙ্গে আলোচনা করবেন।

মধ্যপ্রাচ্যে আমেরিকার অন্যতম প্রধান মিত্র সৌদি আরব।

সৌদি আরব সফরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রাজা সালমান বিন আব্দুলআজিজ আলে সৌদ এবং প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মাদ বিন সালমানসহ পদস্থ সৌদি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে কথা রয়েছে।

ইয়েমেন বিষয়ে জাতিসংঘের মধ্যস্থতায় এখন পর্যন্ত বেশ কয়েকবার যুদ্ধবিরতি ও শান্তি আলোচনা ভেঙে গেছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এমন সময় ইয়েমেন সংকটের রাজনৈতিক সমাধানের কথা বললেন যখন ইয়েমেনের নিরীহ জনগণের ওপর সৌদি আরবের বর্বরোচিত আগ্রাসনে পূর্ণ সমর্থন দিচ্ছে ওয়াশিংটন। ইয়েমেনের ওপর গত দুই বছরেরও বেশি সময় ধরে চলা সৌদি হামলায় আগ্রাসী বাহিনীকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে মার্কিন সরকার। সেইসঙ্গে ওয়াশিংটন সব ধরনের অস্ত্র ও গোলাবারুদ দিয়ে সাহায্য করছে সৌদি বাহিনীকে।

২০১৫ সালের মার্চ মাস থেকে ইয়েমেনে সৌদি আগ্রাসনে প্রায় ১২,০০০ মানুষ নিহত হয়েছে যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। দেশটির জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনকে দমন করার পাশাপাশি সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে আবার ক্ষমতায় বসানোর লক্ষ্যে ইয়েমেনে বর্বরোচিত হামলা করে যাচ্ছে রিয়াদ। কিন্তু এখন পর্যন্ত কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি দেশটি।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৯