মহাকাশ অভিযানের জন্য হুমকি কক্ষপথের জঞ্জাল, ধ্বংস হতে পারে নভোযান!
https://parstoday.ir/bn/news/world-i36504-মহাকাশ_অভিযানের_জন্য_হুমকি_কক্ষপথের_জঞ্জাল_ধ্বংস_হতে_পারে_নভোযান!
কক্ষপথের জঞ্জাল মহাকাশ অভিযানের জন্য হুমকি হয়ে উঠেছে। গত ছয় দশক ধরে মহাবিশ্বে মানব জাতির অভিযানের জেরে এ সব জঞ্জালে কক্ষপথে জমা হয়েছে।
(last modified 2026-10-06T09:27:27+00:00 )
এপ্রিল ১৯, ২০১৭ ১৭:১৯ Asia/Dhaka
  • মহাকাশ অভিযানের জন্য হুমকি কক্ষপথের জঞ্জাল, ধ্বংস হতে পারে নভোযান!

কক্ষপথের জঞ্জাল মহাকাশ অভিযানের জন্য হুমকি হয়ে উঠেছে। গত ছয় দশক ধরে মহাবিশ্বে মানব জাতির অভিযানের জেরে এ সব জঞ্জালে কক্ষপথে জমা হয়েছে।

নভোযান ধ্বংস করে দেয়ার মত বড় আকারের আবর্জনার সংখ্যা সিকি শতাব্দীরও কম সময়ে দ্বিগুণের বেশি হয়েছে। সম্প্রতি জার্মানিতে অনুষ্ঠিত এক সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয়। সংঘর্ষ ঘটলে মহাকাশ যানের মারাত্মক ক্ষতি করতে পারবে কিন্তু সাধারণ ভাবে শনাক্ত করা কষ্টসাধ্য কক্ষপথে এমন প্রায় ১৫ কোটি আবর্জনা রয়েছে।

ইউরোপীয় মহাকাশ সংস্থা বা ইএসএ’র পরিচালনা বিষয়ক পরিচালক রোলফ ডেনসিং বলেন, এতে উদ্বেগে পড়েছেন মহাকাশ বিজ্ঞানীরা। এ সমস্যা সমাধানে আন্তর্জাতিক তৎপরতার প্রয়োজন বলেও জানান তিনি।

ঘণ্টায় ২৮ হাজার কিলোমিটার বেগে ধাবমান আবর্জনার সঙ্গে গুঁতো লাগলে কৃত্রিম উপগ্রহ বা মানুষবাহী নভোযানের মারাত্মক ক্ষতি হতে পারে।

১৯৯৩ সালে ভূ-পৃষ্টের রাডার দিয়ে নজরদারি চালানো হয়েছিল। তাতে দেখা গেছে,আকারে ১০ সেন্টিমিটারের চেয়ে বড় মানব সৃষ্ট ৮০০০  আবর্জনা কক্ষপথে ঘুরপাক খাচ্ছে। এ  আকারের আবর্জনার সঙ্গে সংঘর্ষ ঘটলে নভোযান বা কৃত্রিম উপগ্রহের মারাত্মক ক্ষতি হতে পারে। এ তথ্য দিয়েছে ইএসএ’র মহাকাশ আবর্জনা দপ্তর।

একই দপ্তরের প্রধান বলেন, বর্তমানে মহাকাশে কক্ষপথে এক মিটার আকারের প্রায় ৫০০০ আবর্জনা ঘুরপাক খাচ্ছে। এ ছাড়া, ১০ সেন্টিমিটারের চেয়ে বড় প্রায় ২০ হাজার আবর্জনা ঘুরপাক খাচ্ছ। পাশাপাশি, ‘উড়ন্ত বুলেট’ নামে পরিচিত ১০ সেন্টিমিটারের চেয়ে বড় প্রায় সাড়ে সাত লাখ আবর্জনাও রয়েছে কক্ষপথে। আর এক মিলিমিটারের চেয়ে বড় আবর্জনা রয়েছে অন্তত ১৫ কোটি।

পরিসংখ্যানের ভিত্তিতে বিচার করলে এ সব আবর্জনার সঙ্গে সংঘর্ষের আশংকা কম কিন্তু প্রতিবার মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠানোর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আবর্জনার পরিমাণ।#

 পার্সটুডে/মূসা রেজা/‌১৯