পাকিস্তান-চীন অর্থনৈতিক করিডোরকে হুমকি মনে করছে ভারত
চীন ও পাকিস্তান কাশ্মির এলাকায় ব্যাপক অর্থনৈতিক প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয়ায় ভারত এটাকে তার জাতীয় নিরাপত্তা ও স্বার্থের জন্য হুমকি বলে মনে করছে। এ কারণে ভারত দক্ষিণ এশিয়ার ওই অঞ্চলে চীনের চার হাজার ৬০০ কোটি ডলারের বিশাল অর্থনৈতিক প্রকল্পের বিরোধিতা করেছে।
বহু দেশ আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা বিস্তারে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর প্রকল্প বাস্তবায়নকে স্বাগত জানালেও ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। চীনের মুসলিম অধ্যুষিত সিংগিয়াং প্রদেশ থেকে পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় গোয়াদার সমুদ্র বন্দর পর্যন্ত ওই করিডোর নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। তিন হাজার কিলোমিটারের দীর্ঘ এই করিডোরে মহাসড়ক ও রেলপথের ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়া জ্বালানি সরবরাহের জন্যও বিশেষ পাইপ লাইন স্থাপন করা হবে।
ভারত কখনই চায় না কাশ্মির এলাকাকে আন্তর্জাতিকীকরণ করা হোক এবং তারা মনে করে সমগ্র কাশ্মির ভূখণ্ডই ভারতেরই অংশ এবং এটি কেবল দ্বিপক্ষীয় আলোচনার বিষয়। কাশ্মির সমস্যা সমাধানের জন্য এ পর্যন্ত ভারত ও পাকিস্তানের মধ্যে ১৬ বার বৈঠক হলেও আজ পর্যন্ত তারা কোনো সমঝোতায় পৌঁছতে পারেনি। এ অবস্থায় পাকিস্তানের সঙ্গে চীনের অর্থনৈতিক সহযোগিতায় ভারত চিন্তিত হয়ে পড়েছে।
ভারতের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শঙ্কর মেনন বলেছেন, পাকিস্তান থেকে আসা অর্থনৈতিক করিডোর কাশ্মিরের ওপর দিয়ে চলে গেছে যা কিনা ভারতের জাতীয় সার্বভৌমত্বের লঙ্ঘন। এ অবস্থায় পুরো কাশ্মির উপত্যকা কী ভারতের অংশ কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ কাশ্মিরের একটি বিরাট অংশ পাকিস্তানের মধ্যে পড়েছে এবং ওই অঞ্চলের ওপর দিয়ে করিডোর নির্মাণ দেশটির নিজস্ব ব্যাপার। তাই চীন ও পাকিস্তান মনে করে এ করিডোরের বিষয়ে হস্তক্ষেপ করার কোনো অধিকার ভারতের নেই। ভারতের চিন্তাভাবনার বিপরীতে চীন পাকিস্তানের সঙ্গে প্রস্তাবিত অর্থনৈতিক করিডোরকে সবার জন্য ইতিবাচক দৃষ্টিতে দেখে যার অর্থ হচ্ছে ভারতও চাইলে ওই প্রকল্প থেকে উপকৃত হতে পারে। কারণ চীনের সঙ্গেও ভারতের রয়েছে ঘনিষ্ঠ অর্থনৈতিক সহযোগিতা। এ ব্যাপারে দু'দিনের আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে চীন। বলা হচ্ছে, জাতিসংঘ মহাসচিবসহ প্রায় ৩০টি দেশ ওই বৈঠককে স্বাগত জানিয়েছে।
যদি চীনের উদ্যোগে এ ধরণের সম্মেলন সফল হয় তাহলে তা হবে ভারতের জন্য একটি পরাজয়। কারণ এই করিডোর মস্কো থেকে শুরু করে হল্যান্ডের রোটার্ডাম বন্দর ও এমনকি ইতালিয়া পর্যন্ত বিস্তৃতি লাভ করার সুযোগ রয়েছে। #
পার্সটুডে/মো. রেজওয়ান হোসেন/২৩