নিজের তৈরি প্রথম বিমানবাহী রণতরিকে পানিতে নামাল চীন
https://parstoday.ir/bn/news/world-i36880-নিজের_তৈরি_প্রথম_বিমানবাহী_রণতরিকে_পানিতে_নামাল_চীন
চীন আজ(বুধবার) নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম বিমানবাহী রণতরিকে পানিতে নামিয়েছে। অবশ্য এ রণতরির নাম এখনো প্রকাশ করা হয়নি। ঘটনাক্রমে মার্কিন যুক্তরাষ্ট্র যখন দক্ষিণ কোরিয়ায় ‘থাড’ ক্ষেপণাস্ত্র মোতায়েনের চূড়ান্ত তৎপরতা চালাচ্ছে সে দিন এ রণতরিকে পানিতে নামানো হলো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২৬, ২০১৭ ১৪:২৪ Asia/Dhaka
  • নিজের তৈরি প্রথম বিমানবাহী রণতরিকে পানিতে নামাল চীন

চীন আজ(বুধবার) নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম বিমানবাহী রণতরিকে পানিতে নামিয়েছে। অবশ্য এ রণতরির নাম এখনো প্রকাশ করা হয়নি। ঘটনাক্রমে মার্কিন যুক্তরাষ্ট্র যখন দক্ষিণ কোরিয়ায় ‘থাড’ ক্ষেপণাস্ত্র মোতায়েনের চূড়ান্ত তৎপরতা চালাচ্ছে সে দিন এ রণতরিকে পানিতে নামানো হলো।

এ নিয়ে দেশটির বিমানবাহী রণতরির সংখ্যা দুইটিতে দাঁড়াল। চীনের উত্তরপূর্বাঞ্চলীয় বন্দর দালিয়ানে এ রণতরি নির্মাণ করা হয়েছে বলে সামরিক বিশেষজ্ঞদের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আজ এ খবর দিয়েছে।  পানিতে পরীক্ষামূলক চলাচল এবং অস্ত্রসজ্জা শেষ হওয়ার পর বিমানবাহী রণতরিকে চীনা নৌবাহিনীর অন্তর্ভুক্ত করা হবে। ২০২০ সালের আগে এটি চীনা নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা নেই।

এ রণতরির কৃত্রিম উপগ্রহ থেকে নেয়া ছবি, আলোকচিত্র এবং সংবাদ গত কয়েক মাস ধরে চীনা এবং চীনের বাইরের সংবাদ মাধ্যম প্রকাশ করেছে।

রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম শিনহুয়ার খবরে বলা হয়েছে, এর মাধ্যমে প্রমাণ হচ্ছে যে নিজস্ব প্রযুক্তিতে রণতরি নির্মাণের ক্ষেত্রে চীন ধাপে ধাপে এগিয়ে গেছে। 

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, লাল পতাকায় সজ্জিত রণতরিকে টাগবোট দিয়ে ঠেলে সাগরে নামানো হচ্ছে। রোববারে চীনা নৌবাহিনীর ৬৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে এবং তারপরে এ রণতরিকে সাগরে নামানো হলো। 

পার্সটুডে/মূসা রেজা/২৫