উগ্র সন্ত্রাসীরা নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে: ইরান-রাশিয়া-সিরিয়া
-
সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী ফাহদ জাসেম আল ফ্রেইজ, ইরানের ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান ( মাঝখানে) এবং রাশিয়ার সের্গেই সুইগু
সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ত্রিদেশীয় ঘনিষ্ঠ সহযোগিতার প্রতি আহ্বান জানিয়েছেন ইরান, রাশিয়া এবং সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রীরা। সন্ত্রাসী এবং তাদের হুমকিগুলো নির্মূল না হওয়া পর্যন্ত এসব অপশক্তির বিরুদ্ধে যৌথভাবে লড়াই চালিয়ে যাওয়ার ব্যাপারে তিন দেশের কর্মকর্তারা জোর দিয়েছেন।
গতকাল (বুধবার) থেকে মস্কোতে অনুষ্ঠানরত আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক ৬ষ্ঠ সম্মেলনের অবকাশে ওই দিন রাতে ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সুইগু এবং সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী ফাহদ জাসেম আল ফ্রেইজের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে মিলিত হন।
বৈঠকে সিরিয়ার সংকটময় অবস্থার সর্বশেষ পরিস্থিতির পাশাপাশি চলমান সন্ত্রাস বিরোধী অভিযান নিয়ে ইরান, রাশিয়া এবং সিরিয়ার কর্মকর্তারা মত বিনিময় করেন। এছাড়া, সিরিয়ার সহিংসতা এবং উগ্র তাকফিরি সন্ত্রাসবাদ নির্মূলে তেহরান, মস্কো এবং দামেস্ক সমন্বিত অভিযান চালানোর ব্যাপারে একমত হয়েছে।
এদিকে, সিরিয়ার বিমান ঘাঁটিতে সাম্প্রতিক মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি সন্ত্রাসীদের প্রতি ওয়াশিংটনের অন্ধ সমর্থনের নিন্দা জানিয়েছে এই তিন দেশ। আরেক শয়তানি সহিংসতার মতো মার্কিন কর্মকর্তাদের এ ধরনের কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়ে তারা বলেন, এর ফলে সন্ত্রাসবাদ কেবল মধ্যপ্রাচ্যে নয় বরং গোটা বিশ্বেই ছড়িয়ে পড়বে।#
পার্সটুডে/বাবুল আখতার/২৭