নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার পর সিরিয়ার পরিস্থিতি তুলনামূলক শান্ত
সিরিয়ায় নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার চুক্তি কার্যকর করার পর যুদ্ধ বিধ্বস্ত গোটা দেশে তুলনামূলক ভাবে পরিস্থিতি শান্ত থাকার খবর পাওয়া গেছে। দেশটির সরকার বিরোধী এবং সরকারি সংবাদ মাধ্যম উভয় হতাহতের কোনো খবর দেয়নি।
ইরান, রাশিয়া এবং তুরস্ক এ সংক্রান্ত সমঝোতা সই করার পর এ পরিস্থিতির সৃষ্টি হয়। শনিবার স্থানীয় সময় মধ্যরাত থেকে এটি কার্যকর হয়েছে। আগামী ৪ তারিখের মধ্যেই নিরাপদ অঞ্চলগুলোর সীমানা নির্ধারণ করা হবে।
সিরিয়ার কেন্দ্রীয় সামরিক মিডিয়ার খবরে বলা হয়েছে, এটি কার্যকর হওয়ার নয় ঘণ্টা পরেও তুলনামূলক শান্ত পরিস্থিতি বিরাজ করছে। অবশ্য হোমস এবং হামায় সীমিত এবং বিক্ষিপ্ত সংঘর্ষ ঘটেছে বলে বিরোধী পক্ষের সূত্র থেকে দাবি করা হয়। কিন্তু এতে হতাহতের কোনো খবর তাৎক্ষণিক ভাবে পাওয়া যায়নি।
আস্তানা বৈঠকে সিরিয়ার চারটি এলাকায় নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার ব্যাপারে মতৈক্যে পৌঁছায় দেশটিতে চলমান যুদ্ধবিরতির তিন মধ্যস্থতাকারী দেশ ইরান, রাশিয়া ও তুরস্ক। এসব এলাকায় সাম্প্রতিক সময়ে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সিরিয়ার সেনাবাহিনীর তুমুল লড়াই হয়েছে।
বৈঠকে গৃহীত পরিকল্পনা অনুযায়ী, নিরাপদ অঞ্চলগুলোতে পর্যবেক্ষক পাঠাতে পারবে রাশিয়া। এ ছাড়া, ইরান ও তুরস্ক ঐক্যমত্যে পৌঁছালে তৃতীয় পক্ষের পর্যবেক্ষকও ওইসব অঞ্চলে পাঠানো যেতে পারে।#
পার্সটুডে/মূসা রেজা/৭