রুশ কর্মকর্তাকে 'শিরশ্ছেদ': দায়েশের ভিডিও প্রত্যাখ্যান করল রাশিয়া
-
সিরিয়ায় শরণার্থীদের মাঝে এক রুশ সেনাকে দেখা যাচ্ছে (ফাইল ফটো)
সিরিয়ায় আটক রাশিয়ার একজন গোয়েন্দা কর্মকর্তাকে শিরশ্ছেদ করার যে ভিডিও উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশ প্রকাশ করেছে তা প্রত্যাখ্যান করেছে রাশিয়া। ইন্টারনেটে দায়েশের কর্মকাণ্ড পর্যবেক্ষণকারী আমেরিকা ভিত্তিক 'সাইট ইন্টিলিজেন্স গ্রুপ' গতকাল (মঙ্গলবার) রুশ ভাষায় ১২ মিনিটের এ লোমহর্ষক ভিডিও প্রকাশ করেছে।
ভিডিও ফুটেজে ওই হতভাগা ব্যক্তিকে শিরশ্ছেদ করার আগে কালো পোষাক পরা এক দায়েশ সন্ত্রাসীকে উচ্চস্বরে বক্তৃতা দিতে দেখা গেছে। সব রুশ কর্মকর্তাকে আত্মসমর্পণ করার আহ্বান জানিয়ে ওই সন্ত্রাসী দম্ভভরে বলেন, 'আটক হলে ছেড়ে যাবে না বলে তার দেশ তাকে যে প্রতিশ্রুতি দিয়েছিল এর প্রতি বিশ্বাস স্থাপন করেছিল এই বোকা লোকটি।'
এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ওই ভিডিও ফুটেজের সত্যতা স্বীকার করে নি এবং সিরিয়ায় একজন রুশ কর্মকর্তা নিহত হয়েছে বলে সংবাদ মাধ্যমে যে খবর বের হয়েছে তাও প্রত্যাখ্যান করেছে মন্ত্রণালয়। গত বছরের ৩০ সেপ্টেম্বর থেকে সিরিয়া সরকারের অনুরোধে দায়েশ সন্ত্রাসীদের ওপর বিমান হামলা চালিয়ে আসছে রাশিয়া।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে আরো জানিয়েছে, সিরিয়ায় রুশ সামরিক বাহিনীর সকল সদস্য ভাল ও সুস্থ আছেন। আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুশ সেনারা তাদের নিয়মিত দায়িত্ব পালন করছেন।#
পার্সটুডে/বাবুল আখতার/১০