রাখাইনে ত্রাণ সরবরাহের অনুমতি দিন: মিয়ানমারের প্রতি ইইউ
-
অসহায় রোহিঙ্গা মুসলমান
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবিক সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার ক্রিসটস স্টাইলানাইডস রাখাইন প্রদেশে ত্রাণ সরবরাহের অনুমতি দিতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। সরকারের নিষেধাজ্ঞার কারণে ব্যাপক সংকট সত্ত্বেও সেখানে ত্রাণ সাহায্য পাঠানো যাচ্ছে না। তিনি আরও বলেছেন, রাখাইনে অন্তত ১৬ হাজার মানুষ এখনও আশ্রয়হীন অবস্থায় রয়েছে।
গত বছরের অক্টোবর থেকে মিয়ানমার সরকার রাখাইনে সামরিক শাসনের মতো পরিস্থিতি সৃষ্টি করে রেখেছে বলে তিনি জানান।
ক্রিসটস স্টাইলানাইডস বলেন, বর্ষাকাল শুরুর আগেই রাখাইন প্রদেশের বাস্তুহারাদের জন্য ঘর-বাড়ির ব্যবস্থা করতে হবে। অন্যথায় তাদের কষ্টের সীমা-পরিসীমা থাকবে না।
মিয়ানমার সরকারের সমর্থনে রাখাইন প্রদেশের রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে হত্যা-নির্যাতন এখনও অব্যাহত রয়েছে বলে বিভিন্ন সূত্র খবর দিচ্ছে। গত কয়েক মাসে সেখানে শত শত মুসলমানকে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।
এছাড়া হাজার হাজার মুসলমানকে তাদের ঘর-বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। অনেকেই আশ্রয় নিয়েছে প্রতিবেশী দেশ বাংলাদেশে। জাতিসংঘও বলেছে, রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে জাতিগত শুদ্ধি অভিযান চালিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৫