দায়েশ বিরোধী জোট থেকে মার্কিন কূটনীতিকের অপসারণ চাইল তুরস্ক
https://parstoday.ir/bn/news/world-i38190-দায়েশ_বিরোধী_জোট_থেকে_মার্কিন_কূটনীতিকের_অপসারণ_চাইল_তুরস্ক
ইরাক ও সিরিয়ায় তৎপর তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের পক্ষে সমন্বয়কারী মার্কিন কর্মকর্তাকে অপসারণের আহ্বান জানিয়েছে তুরস্ক। মার্কিন নেতৃত্বাধীন জোটের অন্যান্য দেশ এবং আঙ্কারার মধ্যে যখন সম্পর্কের টানাপড়েন চলছে তখন এ আহ্বান জানাল দেশটি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১৮, ২০১৭ ১৪:০৩ Asia/Dhaka
  • তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুস ওগ্লু
    তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুস ওগ্লু

ইরাক ও সিরিয়ায় তৎপর তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের পক্ষে সমন্বয়কারী মার্কিন কর্মকর্তাকে অপসারণের আহ্বান জানিয়েছে তুরস্ক। মার্কিন নেতৃত্বাধীন জোটের অন্যান্য দেশ এবং আঙ্কারার মধ্যে যখন সম্পর্কের টানাপড়েন চলছে তখন এ আহ্বান জানাল দেশটি।

আজ (বৃহস্পতিবার) সিরিয়া ভিত্তিক গেরিলা গোষ্ঠী ওয়াইপিজে'কে সমর্থন দেয়ার জন্য মার্কিন কূটনীতিক ব্রেট ম্যাকগার্ককে অভিযুক্ত করেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুস ওগ্লু। আঙ্কারা সরকার ওয়াইপিজেকে কুর্দিস্তান ওয়ার্কাস পার্টি বা পিকেকে সিরিয়ার শাখা বলে বিবেচনা করে থাকে। তুরস্কের অভ্যন্তরে একটি স্বায়ত্বশাসিত অঞ্চল গঠন করার লক্ষ্যে পিকেকে ১৯৮৪ সাল থেকে  তুর্কি নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র লড়াই চালিয়ে আসছে।   

আজ একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে চাভুস ওগ্লু বলেন, 'ব্রেট ম্যাকগার্ক সুনিশ্চিতভাবে পিকেকে এবং ওয়াইপিজি গেরিলা গোষ্ঠীকে সমর্থন দিয়ে আসছেন। তাই জোট থেকে তাকে অপসারণ করতে হবে।' গত কয়েক সপ্তাহ থেকে তুর্কি সেনাবাহিনী ইরাকের উত্তরাঞ্চলে পিকেকের অবস্থানে এবং সিরিয়ায় ওয়াইপিজি গেরিলাদের ওপর অভিযান জোর করেছে।#

পার্সটুডে/বাবুল আখতার/১৮